বারামতি: আলবিদা ‘দাদা’। বুধবারের অভিশপ্ত বিমান দুর্ঘটনায় প্রাণ হারান মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার৷ বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। বৃহস্পতিবার সকাল থেকেই বারামতির বিদ্যা প্রতিষ্ঠান মাঠে চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। প্রিয় ভাইপোকে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই মাঠে পৌঁছেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার।
জনতার ঢল ও আবেগঘন মুহূর্ত
বৃহস্পতিবার সকালে অহল্যাবাই হোলকার সরকারি মেডিকেল কলেজ থেকে যখন অজিত পওয়ারের নশ্বর দেহ বের করা হয়, তখন বাইরে অপেক্ষায় থাকা হাজার হাজার সমর্থকের চোখে জল। ‘অজিত দাদা অমর রহে’ ধ্বনিতে কেঁপে ওঠে আকাশ-বাতাস। দীর্ঘ চার দশকের রাজনৈতিক কেরিয়ারে মহারাষ্ট্রের সাধারণ মানুষের কাছে তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন, আজকের ভিড়ই তার প্রমাণ।
শেষ যাত্রার সূচি Sharad Pawar at Ajit Pawar last rites
সকাল ৯টায় বিদ্যা প্রতিষ্ঠান ক্যাম্পাস (গাদিমা) থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য শেষ যাত্রা। প্রিয় নেতার দেহ নিয়ে মিছিলটি গোটা বারামতি শহর প্রদক্ষিণ করবে, যাতে সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। বেলা ১১টায় শেষ যাত্রা বিদ্যা প্রতিষ্ঠান মাঠে, সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে অজিত পাওয়ারের শেষকৃত্য।
শোকস্তব্ধ বারামতি
বুধবার সকালে প্রচারের উদ্দেশ্যে বারামতি যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে অজিত পওয়ারের বিমান। দুর্ঘটনায় তিনিসহ বিমানে থাকা ৫ জনই মারা যান। মহারাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সময় (অ-টানা) উপ-মুখ্যমন্ত্রী পদে থাকা এই নেতার মৃত্যুতে রাজ্যের রাজনীতিতে এক বড়সড় শূন্যতা তৈরি হলো।
শেষকৃত্যের অনুষ্ঠানে শরদ পওয়ার ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বারামতি জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অঘোষিত বনধের স্তব্ধতা নিয়ে শহরবাসী আজ বিদায় জানাচ্ছে তাদের ঘরের ছেলেকে।




















