কলকাতা: দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর তাণ্ডব৷ ঝড়-বৃষ্টিতে (Weather Update) কার্যত বিপর্যস্ত একাধিক জেলা৷ আগেই সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দফতর৷ আর সেই পূর্বাভাস অক্ষরে-অক্ষরে মিলেছে৷ মঙ্গলবার বিকেলের পর থেকেই হঠাৎ আবহাওয়ার (Weather Update) আমূল পরিবর্তন৷ কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টি৷
হাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে জারি হয়েছে লাল সতর্কতা৷ এই সব এলাকায় ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে কলকাতা, দুই ২৪ পরগনায় জারি রয়েছে কমলা সতর্কতা৷
আবহাওয়া দফতর(Weather Update) জানিয়েছে, কালবৈশাখীর ঝড় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে৷ বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ঝড়ের প্রকোপ বেশি থাকবে৷ বজ্রপাতের সম্ভাবনাও প্রবল, ফলে নাগরিকদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ সোমবার রাতেও দক্ষিণবঙ্গের (Weather Update) বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল৷ বহু জায়গায় গাছ উপড়ে পড়ে, রাস্তায় যান চলাচল ব্যাহত হয়৷ বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দেয়৷ এই ঝড়ের জেরে কলকাতার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়৷ শহরের পারদ নেমে আসে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে৷ তবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির দাপট কমতে শুরু করবে৷ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিংম্পে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে




















