মুম্বই: খারাপ সময় যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। টানা ম্যাচ হার, তার উপর এখন আবার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার চোট। এক নতুন বাধার সম্মুখীন হার্দিকরা। সামনেই পাঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে রোহিতের খেলা অনিশ্চিত।
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। একারণে রিটায়ার্ড আউটও হন। সেই ম্যাচে ১৮ রান করেছিলেন তিনি। মাঠে থাকলে হয়তো আরও রান করতেন। কিন্তু চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল হিটম্যানকে। ওই ম্যাচটি ১৮ রান হারে তারা।
জানা গিয়েছে, রোহিতের হ্যামস্ট্রিংয়ে চোট গুরুতর। এই চোট সারতে কিছুটা সময় লাগবে। তাই পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস-এর বিরুদ্ধে আসন্ন দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই সংবাদ চিন্তায় ফেলেছে দলকে।
এই মরসুমে গত চার ম্যাচে এখনো পর্যন্ত একটি হাফ সেঞ্চুরি সহ ১৩৭ রান করেছেন এই ভারতীয় ক্রিকেট তারকা। তাঁর গড় ৪৫-এর বেশি এবং স্ট্রাইক রেট ১৬৫- এর কাছাকাছি। সুতরাং দল ছন্দে না থাকলেও তিনি এককভাবে ভালো পারফর্ম করছেন।
এমতাবস্থায় রোহিতকে যদি আগামী ম্যাচে না পাওয়া যায় তবে অসুবিধায় পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৬ এ কেকেআর এর বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করলেও বাকি তিনটে ম্যাচে পরাজিত সূর্যকুমাররা।
এখন রোহিতহীন ম্যাচ কীভাবে জিতবে তা নিয়ে নতুন করে কৌশল করতে হবে অধিনায়ক হার্দিককে।




















