মুম্বই: বলিউডের খ্যাতনামা কৌতুক অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav) ৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন তিহাড় জেলে। বকেয়া টাকা মেটানোর জন্য কোনও বন্ধু বা সহায়তার হাত নেই বলে অভিযোগ জানান তিনি। এই মন্তব্যের পরই পাশে দাঁড়িয়েছে বলিউড। এই আবহের মুখ খুলেছেন রাজপালের ম্যানেজার গোল্ডি।
সূত্রের খবর, প্রাক্তন খ্যাতনামা কমেডিয়ান তথা অভিনেতা রাজপাল যাদব ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবার তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের আগে কাতর কণ্ঠে অভিনেতা জানিয়েছিলেন, “আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে।” এ মন্তব্য প্রকাশ্যে আসার পর বলিউডের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগও ওঠে। কিন্তু সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়ে সহযোগিতার হাত বাড়ালেন বলিউডের তারকারা। প্রথমে সোনু সুদ রাজপালের পাশে দাঁড়ানোর ডাক দেন, এরপর একে একে এগিয়ে আসেন সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান সহ অন্যান্য তারকা।
এই প্রসঙ্গে রাজপাল যাদবের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, “সংবাদ প্রকাশের পর অনেকেই ফোন করে আর্থিক সাহায্য করেছেন। পরিচালক ডেভিড ধাওয়ানও এগিয়ে এসেছেন। এই মানবিকতার কারণে রাজপালও আপ্লুত।” যদিও কোন তারকা কত টাকা দিয়ে সাহায্য করেছেন সেই অঙ্ক ফাঁস করেননি গোল্ডি। তবে হিন্দি সিনেদুনিয়ার তারকাদের এহেন মানবিক উদ্যোগে যে অভিনেতা আপ্লুত, সেকথা জানালেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা আথিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত।
কিন্তু পরে জানা যায়, পঁচিশের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন অভিনেতা। তবুও এখনও ৯ কোটি টাকা বকেয়া রয়েছে রাজপালের। বৃহস্পতিবার তাই আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগেও অবশ্য দিন তিনেক তিহাড় জেলেই থাকতে হয়েছিল তাঁকে। তবে সেবার জামিনে রেহাই পান।




















