নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে একজোট হয়ে অনাস্থা প্রস্তাব আনল বিরোধী জোট। মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই প্রস্তাব পেশ করা হয়েছে। কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদী পার্টি সহ বিভিন্ন দলের প্রায় ১২০ জন সাংসদ এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এই নজিরবিহীন পদক্ষেপের পর মঙ্গলবার লোকসভার কার্যক্রম চলাকালীন স্পিকার ওম বিড়লা নিজের চেয়ারে বসেননি।
অনাস্থা প্রস্তাবে রাহুল গান্ধীর স্বাক্ষর নিয়ে প্রশ্ন
এদিকে, অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতার পক্ষে সরাসরি স্পিকারকে সরানোর আবেদনে স্বাক্ষর করা সমীচীন নয়। তবে রাহুল গান্ধী এই পদক্ষেপের পূর্ণ সমর্থন করেন বলে দাবি করেছে দল। কংগ্রেস নেতা মানিকম ঠাকুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অনেক বছর পর কোনো স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হল। বিরোধীরা সংবিধানের ওপর পূর্ণ আস্থা রাখে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
টিএমসির দূরত্ব ও অভিযোগ rahul gandhi not sign no confidence motion
তাৎপর্যপূর্ণভাবে, অনাস্থা প্রস্তাব থেকে দূরত্ব বজায় রেখেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন যে, এখনই অনাস্থা প্রস্তাবে সই করবে না দল।
বাজেট অধিবেশনে বিরোধীদের সঙ্গে খারাপ ব্যবহার এবং রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বলতে না দেওয়ার অভিযোগে স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বিরোধীদের আরও দাবি, স্পিকার কংগ্রেস নিয়ে মিথ্যে মন্তব্য করেছেন।




















