তিরুবনন্তপুর: কেরলের রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিরুবনন্তপুরমে একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, কেরলে শাসক দল সিপিএম এবং বিজেপি-র মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। তাঁর মতে, এই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না।
তিরুবনন্তপুরমের পুথারিকান্দাম ময়দানে অনুষ্ঠিত ‘পুথুয়ুগা যাত্রা’-র সমাপনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কেরলের রাজনীতিতে এখন আর সিপিএম বনাম বিজেপি নয়, বরং “সিজেপি” চলছে। তাঁর ব্যাখ্যায়, এই শব্দের অর্থ হল সিপিএম ও বিজেপির যৌথ রাজনৈতিক সমীকরণ, যার লক্ষ্য হল বিরোধী জোটকে দুর্বল করা।
আরও দেখুনঃ ‘অপয়া’ অপবাদ ঘুঁচিয়ে আমেদাবাদে টিম ইন্ডিয়ার বিশ্বজয়
রাহুল গান্ধীর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ৩৬টি মামলা দায়ের হয়েছে এবং তাঁকে মোট ৫৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু একই সংস্থা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, কেরলের বর্তমান সরকার আর কমিউনিস্ট আদর্শ অনুসরণ করছে না। তাঁর মতে, এই সরকার কৃষক বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারছে না। তাই সিপিএমের নাম পরিবর্তন করে “কর্পোরেট পার্টি অব ইন্ডিয়া” রাখা উচিত বলেও কটাক্ষ করেন তিনি।
রাহুল গান্ধী তাঁর বক্তব্যে কেরলের একটি আলোচিত মামলার কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, সবরিমালা সোনা চুরি সংক্রান্ত মামলায় সিপিএমের একাধিক নেতার নাম জড়িয়েছে এবং কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। তাঁর মতে, যদি ভবিষ্যতে UDF ক্ষমতায় আসে, তাহলে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়েও বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিদেশনীতি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, বিশ্ব পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠলেও ভারতের সরকার যথেষ্ট দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না।
রাহুল গান্ধীর অভিযোগ, ভারত ও আমেরিকার মধ্যে কিছু চুক্তি হয়েছে যা দেশের স্বার্থের পক্ষে ভালো নয়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী নাকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভারত শুধুমাত্র আমেরিকা অনুমোদিত সরবরাহকারীদের কাছ থেকেই তেল কিনবে। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনও নথি বা প্রমাণ উপস্থাপন করেননি। এই সমাবেশে সভাপতিত্ব করেন কেরলের বিরোধী দলনেতা ভি ডি সাথিসন। সভায় মূল বক্তব্য রাখেন পানাক্কাড সাদিক আলি শিহাব থাঙ্গাল। এছাড়া সি পি জন স্বাগত বক্তব্য দেন এবং পি কে ভেনুগোপাল ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাহুল গান্ধী তাঁর বক্তৃতার শুরুতে মালয়ালি ক্রিকেটার সঞ্জু স্যামসন-এর প্রশংসা করেন। আর বক্তব্যের শেষে কংগ্রেস নেতাদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। তিনি বলেন, রাজনীতিতে একা চলার চেয়ে সবাই মিলে এগিয়ে যাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী আরও বলেন, তাঁর জীবনের কঠিন সময়ে কেরলের মানুষ সবসময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাই রাজ্যের মানুষের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ বলেও জানান।



















