
মাতৃশক্তি ভরসা কার্ডের সাফল্যের পর এবার যুব সমাজকে লক্ষ্য করে নতুন কর্মসূচি ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল যুবশক্তি ভরসা কার্ড, যা রাজ্যের তরুণ প্রজন্মের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের নতুন দিশা হিসেবে তুলে ধরা হয়েছে।
এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন দুই আন্তর্জাতিক ক্রীড়া তারকা অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ এবং ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং। তাঁদের উপস্থিতিতে যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে বলে দাবি বিজেপির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে রাজ্যের প্রত্যেক যোগ্য যুবক মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। সরকারের দাবি, এই সহায়তা তরুণদের পড়াশোনা, প্রশিক্ষণ এবং ছোটখাটো উদ্যোগ শুরু করতে সাহায্য করবে। বিশেষ করে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও এই প্রকল্পে চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য আরও সুযোগ তৈরি হবে বলে মনে করছে দলটি। বিজেপির দাবি অনুযায়ী, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই প্রকল্পের মূল লক্ষ্য হল বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি। আগামী পাঁচ বছরে এক কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। দলীয় নেতৃত্বের মতে, শিল্প, পরিষেবা ও স্টার্টআপ সব ক্ষেত্রেই এই কর্মসংস্থান লক্ষ্য পূরণ করা হবে।

