Kolkata: আইপিএল ২০২৬ এর (IPL 2026) সপ্তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংস। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পাঞ্জাবের। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসে জেতে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচটি ৫ উইকেটে জিতে যায় শ্রেয়সের দল।
প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করে। পাওয়ার প্লে-র দ্বিতীয় ওভারেই সঞ্জু স্যামসন ৭ রান করে উইকেট হারায়। তবে গোটা ইনিংসটা সামলে নিয়েছে তাঁর সতীর্থরা। ২০৯ রানের ইনিংসটি গড়ে উঠেছে আয়ুষ মাত্রের ৪৩ বলে ৭৩ রানের ইনিংসের উপর ভর করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়। শিভম দুবে ২৭ বলে ৪৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। সরফরাজ খানের ১২ বলে ৩২ রানের ইনিংসটিও প্রশংসনীয়। অধিনায়ক ঋতুরাজ গায়েকোয়ার করেছেন ২২ বলে ২৮ রান।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় পাঞ্জাব। এদিন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়ানশ আর্য্য ১১ বলে ৩৯ এবং প্রভ্সিমরন সিং ৩৪ বলে ৪৩ রান করেন। কুপার কনোলি ২২ বলে ৩৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ২৯ বলে ৫২ রানের ইনিংসটি ছিল ম্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পাঞ্জাবের হয়ে এদিন ১টি করে উইকেট নিয়েছে জেভিয়ার বার্টলেট, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল এবং ২টি উইকেট নিয়েছে বিজয়কুমার বৈশাখ। উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, অনশুল কোম্বোজ। এই ম্যাচে পর পয়েন্টস টেবিলে শীর্ষে পাঞ্জাব কিংস এবং সবচেয়ে নিম্নে চেন্নাই সুপার কিংস। এরপর কী ম্যাচে ফিরতে পারবে সিএসকে?




















