গত সিজনটা খুব একটা ইতিবাচক ছিল না শ্রীনিধি ডেকানের (Sreenidi Deccan FC)। লিগ টেবিলের নবম স্থানে থেকেই শেষ হয়েছিল আইলিগ। যা ব্যাপকভাবে নিরাশ করেছিল সকল সমর্থকদের। দুরন্ত ফুটবল খেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। সেইসব দূরে ঠেলে আগত আইলিগে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর দেশের অন্যতম শক্তিশালী এই দল। সেজন্য গতবছর ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল আইলিগ এই ফুটবল ক্লাব। যেখানে প্রতিপক্ষ দলগুলিকে টেক্কা দিয়ে একের পর এক ফুটবলারদের দলে টানতে থাকে হায়দরাবাদের এই দল।
লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎকের মতো ফুটবলাররা আগেই যুক্ত হয়েছেন এই দলে। বলতে গেলে তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল। সেইসাথে দলের একাধিক ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ও জানানো হয়েছিল তাঁদের তরফে। শেষ কয়েক মাসে সেইমতো একাধিক দাপুটে ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানিয়েছে শ্রীনিধি। এবার আসন্ন আইলিগের আগে এক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কথা ঘোষণা করে ফেলল কার্লোস ভাজ পিন্টোর এই ফুটবল ক্লাব। তিনি পাওলো সিজার।
ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট পরিচিত মুখ পাবলো। সদ্য সমাপ্ত বেঙ্গল সুপার লিগ চ্যাম্পিয়ন তথা হাওড়া-হুগলি ওয়ারিয়র্স দলের সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ফরোয়ার্ড। বলাবাহুল্য, দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য প্রদর্শন করেছিলেন তিনি। এছাড়াও আগের আইলিগে স্নো লেপার্ড তথা রিয়াল কাশ্মীর দলের হয়ে প্রায় আটটির কাছাকাছি গোল করে ছিলেন তিনি। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে দলে টেনেছে শ্রীনিধি। গতবারের হতাশা ভুলে দল আদৌও কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন সেদিকেই নজর সকলের।




















