সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ ইস্টবেঙ্গলের। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্যানিজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। খাতায় কলমে পাঞ্জাব এফসির তুলনায় কিছুটা এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসে গা ভাসাতে রাজি নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রয়েছে মশাল ব্রিগেড। এই পরিস্থিতিতে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চান দলের হেডস্যার। এক্ষেত্রে ক্লাব প্রাক্তনীদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করার পাশাপাশি ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় তাঁকে।
পাঞ্জাব ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ প্রতিপক্ষ দলে বেশকিছু ভালো ফুটবলার আছে। বিশেষ করে ওদের স্ট্রাইকারের দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। তাছাড়া এই সিজনে আমরা মোট দুটো টুর্নামেন্টের ফাইনালের টাইব্রেকারে হেরেছি। কাজেই আমাদের চাপ সেরকম নেই। সবাই নিজেদের সেরাটা দিতে চাইবে। পরিস্থিতি উপভোগ করবে।’ তবে ঘরের মাঠে হলেও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন তিনি।
সেইমতো দলকে সাজাতে চাইবেন এই স্প্যানিশ কোচ। উল্লেখ্য, গত এপ্রিলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নেমেছিল পাঞ্জাব শিবির। সেই ম্যাচে দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছেড়েছিল ডিলমপেরিসের ছেলেরা। এবার ও হয়তো সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে যুবভারতী।




















