কলকাতা: প্রকাশ্যে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিট দেয়নি তৃণমূল। ঘাসফুলের কুঁচো নেতারাও এখন দূরত্ব বজায় রেখে চলেন মঞ্জু বসুর সঙ্গে। অথচ নোয়াপাড়া (Noapara) জয়ে তৃণমূলের ভরসা তাঁরই স্বামী বিকাশ বসু। দলের প্রয়াত নেতার ছবি দেখিয়েই ভোট চাইছেন ঘাসফুলের প্রার্থী। বিদায়ী শাসক শিবিরের এই অস্ত্র কি খুব শীঘ্রই ভোঁতা হতে চলেছে? সূত্রের খবর, এমনই ছক কষছেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু।
Read More: ধর্নামঞ্চে অপমানিত! তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু
২০০০ সালের পয়লা এপ্রিল ইছাপুরে খুন হন বিকাশ বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন কাছের জন বিকাশ বসুকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় তৃণমূলেরই নেতা অর্জুন সিংকে গ্রেফতার করে পুলিশ। সেই অর্জুন এখন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। বিকাশ বসুর খুনে অভিযুক্তকে ভোট না দেওয়ার আর্জি জানাচ্ছেন তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। বিকাশ বসুর ছবি দেওয়া উত্তরীয় গলায় ঝুলিয়ে প্রচারও করছেন তিনি।
তৃণমূল প্রার্থীর এই কীর্তিতে নানা প্রশ্ন ঘুরছে নোয়াপাড়ার অন্দরে। কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের সর্বেসর্বা ছিলেন অর্জুন সিং। ২০০৬ থেকে তিনবারের বিধায়ক হন ঘাসফুলের টিকিটে। ২০০৪ সালের লোকসভা ভোটে তাঁকে টিকিট দেন মমতা। ২০১৯ সালে অর্জুনের দলবদলের পর থেকে বিকাশ বসুর হত্যাকাণ্ড ফের আলোচনায় তোলে তৃণমূল। সেই খুনের জন্য অর্জুন সিংকে কাঠগড়ায় তুলে সুর চড়ান ঘাসফুলের নেতারা। কিন্ত তৃণমূল জমানার ১৫ বছরে কেন খুনের কিনারা হল না? অর্জুন সিং দোষী হলে কেন তৃণমূল সরকার কোনও পদক্ষেপ করল না?
Read More: নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী তালিকায় ছিলেন মঞ্জু বসু
নোয়াপাড়ায় জোরাল হচ্ছে এই প্রশ্নগুলো। কিন্তু প্রকাশ্যে কেউ কিছুই বলছে না। আর সেই বিকাশ বসুর খুনকে অস্ত্র করেই ভোটের ময়দানে তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর। এই অস্ত্র ভোঁতা করতে আসরে নামছেন মঞ্জু বসু। সূত্রের খবর, তৃণমূল জমানায় কেন বিকাশ বসু খুনের ফাইল খোলা হল না এই প্রশ্ন তুলবেন মঞ্জু বসু। সাংবাদিক বৈঠক ডেকে সিবিআই তদন্তেরও দাবি করবেন। স্বাভাবিকভাবেই ২৬ বছর আগের খুনের ঘটনা ঘিরে জটিল হতে চলেছে নোয়াপাড়ার রাজনৈতিক পরিস্থিতি। এর আঁচ যে রাজ্য রাজনীতিতে ঝড় তুলবে তা বলাই বাহুল্য।
মঞ্জু বসুর তৃণমূল ত্যাগের ঘটনায় এই ইস্যুটি ফের সামনে এসেছে। দল ছেড়ে তিনি আক্ষেপ করে বলেছেন, “আমায় ব্যবহার করল তৃণমূল। স্বামীর খুনের বিচার পেলাম না।” ধরনা মঞ্চে অপমানের প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকেও নিশানা করেন মঞ্জু। চাপের মুখে মঞ্জুকে ভুলে বিকাশ বসুর ছবি নিয়ে ভোট চাইছে নোয়াপাড়ার তৃণমূল নেতৃত্ব। সুর চড়াচ্ছে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে।
অর্জুন সিং বলেছেন, “বিকাশ বসুকে খুন করেছে মুকুল রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আমায় বলির পাঁঠা করা হয়েছিল।” ভোট এলেই শুধু সেই খুনের তদন্তের কথা তোলা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন। সেই একই প্রশ্ন এবার তুলতে চলেছেন মঞ্জু বসু।




















