দক্ষিণবঙ্গে শীতের দৌড় শেষ, উত্তরবঙ্গে বাড়ছে কুয়াশা

কলকাতা: দক্ষিণবঙ্গে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাতদিন রাজ্যজুড়ে (West Bengal weather forecast) আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-weather-today-3-january-2026

কলকাতা: দক্ষিণবঙ্গে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাতদিন রাজ্যজুড়ে (West Bengal weather forecast) আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় রোদে শীতের প্রভাব একেবারেই অনুভূত হবে না। তবে ভোরের দিকে এবং সন্ধ্যার পর হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এরই মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়তে চলেছে। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। এর ফলে সড়কপথ ও রেলপথে যাতায়াতে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

   

রবিবারও এই চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা বজায় থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কুয়াশার জেরে ভোরের ট্রেন ও বাস পরিষেবায় দেরি হতে পারে। তাই নিত্যযাত্রীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি আগেভাগে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও পুরোপুরি কুয়াশামুক্ত নয় আবহাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। শনি ও রবিবার এই জেলাগুলিতে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় খুব হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও বড় কোনও সমস্যা তৈরি হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, শনিবার দক্ষিণবঙ্গে পারদ সামান্য কমেছে। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আগামী কয়েকদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা হলেও তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে।

কলকাতায় আকাশ থাকবে পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৮৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আগামী সপ্তাহ জুড়ে রাজ্যবাসীকে শুষ্ক আবহাওয়ার মধ্যেই দিন কাটাতে হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google