বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্ত। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। তাঁর পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই শাসক জোট এনডিএ-র পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় সম্রাট চৌধুরী-এর নাম। এই সিদ্ধান্তের ফলে বিহারের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফা জমা দেন নীতীশ কুমার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী নীতীশের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে চমক সৃষ্টি করে। এরপরই দ্রুতগতিতে এনডিএ পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন নেতৃত্ব নিয়ে। সেই বৈঠকেই সর্বসম্মতভাবে সম্রাট চৌধুরীর নাম মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত করা হয়। এর আগে সম্রাট চৌধুরী নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসতে চলেছেন। রাজনৈতিক মহলের মতে, এটি শুধু একজন নেতার পদোন্নতি নয়, বরং বিহারের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত।
BJP-র জন্যও এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন বিহারে বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রী পদে নেতৃত্ব দেয়নি। যদিও দেশের বিভিন্ন হিন্দিভাষী রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে, বিহার এতদিন সেই তালিকার বাইরে ছিল। এবার সেই ঘাটতি পূরণ হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।
সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।




















