লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে শোকের ছায়া৷ মুলায়ম সিং যাদবের পরিবারে নেমে এল অকাল মৃত্যুর কালো মেঘ। বুধবার ভোরে লখনউতে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র এবং অখিলেশ যাদবের বৈমাত্রেয় ভাই প্রতীক যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তিনি বিজেপি নেত্রী অপর্ণা যাদবের স্বামী ছিলেন। (Mulayam Singh Yadav’s son Prateek Yadav passes away)
মৃত্যুর কারণ ও শেষ মুহূর্ত
হাসপাতাল সূত্রে খবর, বুধবার ভোর ৬টা নাগাদ প্রতীককে লখনউয়ের সিভিল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। কয়েক সপ্তাহ আগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অখিলেশ যাদব তাঁকে দেখতেও গিয়েছিলেন। কিছুটা সুস্থ বোধ করায় তাঁকে বাড়িতে আনা হলেও এদিন ভোরে পরিস্থিতির চরম অবনতি ঘটে।
অরাজনৈতিক জীবন ও শখ
দেশের অন্যতম হেভিওয়েট রাজনৈতিক পরিবারে জন্ম হলেও প্রতীক রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি রিয়েল এস্টেট এবং ফিটনেস ব্যবসার সঙ্গে যুক্ত হন। লখনউতে তাঁর নিজস্ব একটি জিম ছিল এবং তিনি ‘জীব আশ্রয়’ নামক একটি সংগঠনের মাধ্যমে পশুসেবা ও পথকুকুরদের আশ্রয়ের কাজে নিয়োজিত ছিলেন।
তদন্ত ও ময়নাতদন্ত
প্রতীকের মৃত্যুর সঠিক কারণ জানতে কেজিএমইউ (KGMU) মর্গে তিন সদস্যের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শুরু হয়েছে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং মর্গ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কনিষ্ঠ পুত্রের এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে যাদব পরিবার। শোকবার্তায় সমাজবাদী পার্টি জানিয়েছে, প্রতীকের এই প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক।




















