কলকাতা: গত শুক্রবার নিজেদের ঘরের মাঠে দেশের প্রথম ডিভিশন লিগের পরবর্তী ম্যাচে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মুম্বাই সিটি। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে নওফল পিএনের গোলে এগিয়ে গিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। এই ব্যবধানেই শেষ হয়েছিল প্রথমার্ধ। পরবর্তীতে সেই ব্যবধানেই এসেছে জয়। যারফলে এবার মোহনবাগান সুপার জায়ান্টকে টেক্কা দিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসলো মুম্বাই। সমান সংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্টের ব্যবধান থাকল বাগানের সঙ্গে।
গত বেঙ্গালুরু ম্যাচের পর ঘরের মাঠে দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ কোচ সার্জিও লোবেরা। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘ অবশ্যই এটা যথেষ্ট বেদনাদায়ক। ঘরের মাঠে ম্যাচ হারা কষ্টের। তবে দ্বিতীয়ার্ধে আমাদের দলের ছেলেরা একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। যদিও সেখান থেকে গোল আসেনি। এখন নিজেদের ভুল ত্রুটি সংশোধন করাই আমাদের লক্ষ্য। এছাড়াও ফুটবলারদের বোঝাপড়া আরও বাড়াতে হবে।’ অর্থাৎ জামশেদপুর ম্যাচের আগে দলকে ভালো মতো ঢেলে সাজিয়ে নিতে চান এই স্প্যানিশ কোচ।
এছাড়াও ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় বেশ কিছুটা হতাশ থাকতে দেখা যায় বাগান অধিনায়ক শুভাশিস বসুকে। তিনি বলেন, ‘ আমরা চেষ্টা করেছি। অনেক গুলো গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু খেলোয়াড়রা সেটা কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে দল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আশা করি এই ম্যাচ থেকে আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারবো। আমাদেরকে এই ম্যাচ শেখাবে, আমরা বিরতির পর যখন রিটার্ন আসবো আমরা চেষ্টা করব নিজেদের বাকি ম্যাচ গুলো জিতে যাতে শীর্ষে থেকেই সিজন শেষ করতে পারি।’




















