নয়াদিল্লি: দুদিনের সফরে ইসরায়েল গিয়েছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী (Modi)। সফরের দ্বিতীয় দিনে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি ভারতের জন্য ইতিবাচক সংবাদ দিয়েছেন। তিনি বলেন জেরুসালেমে গতকাল একটি অসাধারণ প্রদর্শনীতে তিনি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একসঙ্গে ঘুরে দেখেছেন। এই প্রদর্শনীতে বিশ্বের প্রযুক্তি জগতের সবচেয়ে অগ্রগামী উদ্ভাবনগুলো তিনি দেখেছেন। যা মূলত ইজরায়েলের তরুণ প্রজন্মের অসাধারণ কাজের ফসল।
এআই, কোয়ান্টাম কম্পিউটিং, হেলথকেয়ার, সাইবার সিকিউরিটি, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি এবং আরও অনেক ক্ষেত্রে এখানে দেখা গেছে ভবিষ্যতের প্রযুক্তির ছোঁয়া। প্রধানমন্ত্রী মোদী এই প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন এবং ইজরায়েলি কোম্পানিগুলোকে ভারতে বিনিয়োগ করার এবং ভারতের প্রতিভাবান যুবকদের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ২০১৭ সালের পর এটাই তার দ্বিতীয় অফিসিয়াল সফর।
সফরের শুরুতেই বেন গুরিয়ন বিমানবন্দরে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেতানিয়াহু মোদীকে “ভাইয়ের মতো বন্ধু” বলে সম্বোধন করেন এবং দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্বের কথা তুলে ধরেন। এরপর জেরুসালেমে ক্নেসেতে (ইজরায়েলের পার্লামেন্ট) ভাষণ দেন মোদী, যেখানে তিনি দুই দেশের সভ্যতাগত সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের কথা বলেন।
ভাষণের পরই দুই নেতা একসঙ্গে এই প্রযুক্তি প্রদর্শনীতে যান।প্রদর্শনীতে ইজরায়েলের তরুণ উদ্ভাবকরা তাদের সৃজনশীল কাজ প্রদর্শন করেন। এআই-ভিত্তিক স্মার্ট সিস্টেম থেকে শুরু করে কোয়ান্টাম প্রযুক্তির অগ্রগতি, সাইবার নিরাপত্তার উন্নত সমাধান, স্বাস্থ্যসেবায় নতুন ডিভাইস, জল সংরক্ষণের অভিনব পদ্ধতি এবং কৃষিতে ড্রোন-ভিত্তিক স্মার্ট ফার্মিং সবকিছুই ছিল চোখ ধাঁধানো।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এই উদ্ভাবনগুলো ভারতে বড় আকারে প্রয়োগ করা যেতে পারে। বিশেষ করে কৃষি উৎপাদন বাড়াতে, গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত করতে, সাইবার নিরাপত্তা জোরদার করতে, কোয়ান্টাম গবেষণায় অগ্রসর হতে এবং টেকসই জল ও জলবায়ু সমাধানে এগুলো খুবই কার্যকর হবে। তিনি ইজরায়েলি কোম্পানিগুলোকে ভারতের সঙ্গে গভীর সহযোগিতায় আসার আমন্ত্রণ জানান, যাতে ভারতের ‘বিকশিত ভারত’ লক্ষ্য পূরণে তারা অংশ নিতে পারে।




















