সায়ন সেনগুপ্ত, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর গত শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খাতা খুলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলিঙ্গের বুকে তারা আটকে দিয়েছিল ওডিশা এফসিকে। পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে এসেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যেটা কিছুটা হলেও মনোবল বাড়াবে দলের সকল ফুটবলারদের। আজ সন্ধ্যায় ইন্দোরে পরবর্তী ম্যাচে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। খাতায় কলমে যথেষ্ট এগিয়ে রয়েছে প্রতিপক্ষ ফুটবল দল। তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচে খেলার পরিকল্পনা থাকবে দলের সকল ফুটবলারদের।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) কোচ মেহেরাজুদ্দিন ওয়াডুকে। তিনি বলেন, ‘ যথেষ্ট কঠিন হতে চলেছে এই ম্যাচ। তাছাড়া চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)যথেষ্ট ভালো দল। যেখানে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ভালো বিদেশি ফুটবলার ও রয়েছে। তাদের ঘরের মাঠে খেলাটা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমাদের কোনো বিকল্প পথ নেই, আমাদের পয়েন্ট প্রয়োজন। আমরা আমাদের সেরাটা দেব এবং গত কয়েকটি ম্যাচে আমাদের ছেলেরা যে প্রচেষ্টা দেখিয়েছি তা বজায় রাখার চেষ্টাই থাকবে।’
দলের ভরসাযোগ্য ফুটবলার অ্যাডিসন সিং বলেন, ‘ ড্রেসিং রুমের পরিবেশ যথেষ্ট ভালো। সবাই যথেষ্ট আত্মবিশ্বাসী। আগের চেয়ে অনেক ভালো পারফরম্যান্স দেওয়ার টার্গেট রয়েছে সবার। ব্যক্তিগতভাবে, আমি গত ম্যাচে গোল করার পর যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি এই ম্যাচে ও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।’ উল্লেখ্য, গত ওডিশা ম্যাচে দল পিছিয়ে থাকলেও পরবর্তীতে অ্যাডিসনের গোলেই সমতা ফিরিয়েছিল মহামেডান (Mohammedan SC)। অ্যাওয়ে ম্যাচ থেকে প্রথম পয়েন্ট তুলেছিল সাদা-কালো ব্রিগেড। এবার আরেক অ্যাওয়ে ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও পয়েন্ট ছিনিয়ে নিতে চাইবেন হীরা মন্ডল থেকে শুরু করে মহিতোষ’রা।




















