‘এআই দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে,’ দিল্লি থেকে তোপ মমতার

নয়াদিল্লি: রাজধানীতে পৌঁছেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রণংদেহী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Banerjee challenges EC

নয়াদিল্লি: রাজধানীতে পৌঁছেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রণংদেহী মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠক ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে কমিশনের বিরুদ্ধে ‘অপমান’ ও ‘অসম্মানে’র বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

এআই (AI) প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব মমতা

সাংবাদিক বৈঠকের শুরু থেকেই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে সুর চড়ান মমতা। তাঁর দাবি, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে।” তিনি সাফ জানান, এই প্রযুক্তিগত কারচুপির মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

   

নির্বাচন সদনে উত্তপ্ত বৈঠক

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের একঝাঁক সাংসদ। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠক এক সময় অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। কমিশনের যুক্তি ও কার্যপদ্ধতি নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মমতা দাবি করেন তাঁদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি।

‘অপমান করা হয়েছে আমাদের’

নির্বাচন সদন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বৈঠকে আমাদের চূড়ান্ত অপমান ও অসম্মান করা হয়েছে। আমরা মানুষের দাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু যে ধরনের আচরণ করা হলো তা নজিরবিহীন।” তাঁর অভিযোগ, কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।

আগামীকাল এই একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হতে পারে। তার আগে দিল্লির এই রাজনৈতিক ‘সংঘর্ষ’ জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google