কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে ভোট ময়দানে৷ এই আবহে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করতে চলেছেন টানা ম্যারাথন নির্বাচনী প্রচার৷ প্রথমে উত্তরবঙ্গ, তারপর দক্ষিণবঙ্গ এই দুই পর্বে বিভক্ত তাঁর বিস্তৃত কর্মসূচি৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দিন অর্থাৎ ২৪ মার্চ জলপাইগুড়িতে পৌঁছে চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক৷ সেদিন চালসাতেই রাত্রিবাস করবেন তিনি৷
২৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে শুরু হবে জনসভা ম্যারাথন৷ প্রথমে ময়নাগুড়িতে সভা, তারপর শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে ধারাবাহিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে ২৬ মার্চ দক্ষিণবঙ্গে প্রচার শুরু করবেন তিনি৷ শিলিগুড়ি থেকে অন্ডালে গিয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রথম সভা করবেন৷ একই দিনে বীরভূমের দুবরাজপুরেও জনসভা রয়েছে৷
২৭ মার্চ বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় সভা করার কথা রয়েছে৷ ২৮ মার্চ রানিগঞ্জ, পুরুলিয়ার রঘুনাথপুর এবং কাশীপুরে সভা করবেন৷ ২৯ মার্চ মানবাজার এবং রায়পুরেও সভা করে প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৩০ মার্চ পাঁশকুড়া পশ্চিম, ডেবরা এবং নারায়ণগড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ ৩১ মার্চ চন্দ্রকোণা, গড়বেতা এবং বিষ্ণুপুরে তাঁর প্রচার কর্মসূচি রয়েছে৷
রাজ্যে আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোটগ্রহণ হবে। ফলে এপ্রিল মাসের শুরু থেকেই নির্বাচনী প্রচারের তীব্রতা আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ১ এপ্রিলের পরবর্তী সূচি এখনও প্রকাশ করা হয়নি, তবে শেষ পর্যায়ে আরও জোরদার প্রচার হতে পারে৷




















