কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নে নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তফসিলি জনজাতি (এসটি), তফসিলি জাতি (এসসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) কয়েকটি সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ গঠন করতে চলেছে রাজ্য সরকার৷
শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, মুন্ডা ও কোরা (এসটি), ডোম (এসসি) এবং কুম্ভকার ও সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন বোর্ড তৈরি করা হবে৷ এই বোর্ডগুলির মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে৷
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, এই সম্প্রদায়গুলি বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ৷ তাঁদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য৷ রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন উন্নয়ন পর্ষদগুলি সংশ্লিষ্ট সম্প্রদায়ের সমস্যাগুলি চিহ্নিত করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সাহায্য করবে৷ শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করার দিকেও বিশেষ নজর দেওয়া হবে৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এর আগেও বিভিন্ন পিছিয়ে থাকা সম্প্রদায়ের উন্নয়নের জন্য একাধিক উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে৷ ২০১৩ সাল থেকে শুরু করে রাজ্যে বহু এমন বোর্ড তৈরি হয়েছে এবং সেগুলি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে৷ নতুন পাঁচটি পর্ষদ সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমাজের কোনও অংশ যাতে উন্নয়নের বাইরে না থাকে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে৷ ‘মা-মাটি-মানুষ’-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি৷




















