Puja Carnival: কার্নিভাল ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত, আমন্ত্রণ পাননি বোস

আজ দুর্গা পূজার কার্নিভালকে (Puja Carnival ) কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব। শুক্রবার সন্ধ্যায় হবে সেই মেগা প্রদর্শনী। উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতোই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
puja carnival kolkata

আজ দুর্গা পূজার কার্নিভালকে (Puja Carnival ) কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব। শুক্রবার সন্ধ্যায় হবে সেই মেগা প্রদর্শনী। উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতোই এবারও সাধারণ মানুষ থেকে বহু বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। কিন্তু সেই কার্নিভালে আমন্ত্রণ পাননি রাজ্যপাল। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে কোনও আমন্ত্রণ পত্র পৌঁছয়নি রাজ্য সরকারের তরফে।

২০১৬ সাল থেকে এই কার্নিভাল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা। শহরের সব সেরা পুজোগুলির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে। প্রতিমা প্রদর্শনের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয় রেড রোডে। এরই মধ্যে কলকাতার দুর্গা পুজোকে ইউনেসকো হেরিটেজ তকমা দেওয়ায় কার্নিভালের তাৎপর্য বাড়ে আরও। এবারও চরমে প্রস্তুতি। তবে রাজ্যপালকে আমন্ত্রণ করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

   

এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তাকে আমন্ত্রণ করা হয়েছিল কার্নিভালে। তবে ২০১৯ সালে কার্নিভাল থেকে বেরিয়ে ধনখড় দাবি করেছিলেন, তাকে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে। সংবাদমাধ্যমের কোনও ক্যামেরা তার দিকে ছিল না বলে অভিযোগ করেছিলেন তিনি।

দুর্গাপুজোকে কেন্দ্র করে আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত দেখা যাচ্ছে। রাজ্যপাল রাজ্যের নাকি কেন্দ্রের এমন প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যপাল চারটি দুর্গা পূজা কমিটিকে বেছে নেন বিশেষ পুরস্কার দেওয়ার জন্য। তার মধ্যে দুটি পুজো কমিটিই পুরস্কার প্রত্যাখ্যান করেছে। টালা প্রত্যয় ও কল্যাণী আইটিআই-এর পুজো সেই পুরস্কার গ্রহণ করেনি। এবার কার্নিভালে আমন্ত্রণ নিয়েও বিতর্ক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google