কলকাতা: গৃহস্থের রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ১৬ অগাস্ট ২০২৬-এর মধ্যে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ না করলে আর গৃহস্থালির নির্ধারিত দামে LPG সিলিন্ডার পাওয়া যাবে না। পাশাপাশি LPG ভর্তুকিও (Subsidy) বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে সরকারি তেল সংস্থাগুলি। ইতিমধ্যেই ইন্ডেন (Indane)-সহ সরকারি তেল বিপণন সংস্থাগুলি গ্রাহকদের মোবাইলে SMS পাঠিয়ে e-KYC দ্রুত সম্পূর্ণ করার আবেদন জানাচ্ছে।
বার্তায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে গ্রাহকরা গৃহস্থালির দরে LPG সিলিন্ডার কেনার যোগ্য থাকবেন না। পরে e-KYC সম্পূর্ণ করলে তবেই আবার সেই সুবিধা মিলবে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ₹৯৬৮।
কীভাবে করবেন e-KYC?
তেল সংস্থাগুলির মতে, গ্রাহকরা তিনটি উপায়ে e-KYC সম্পূর্ণ করতে পারবেন
• IndianOil ONE App-এর মাধ্যমে বাড়িতে বসেই
• সংশ্লিষ্ট LPG ডিস্ট্রিবিউটরের অফিসে
• অথবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর মাধ্যমে
ভর্তুকিও বন্ধ হতে পারে
অল ইন্ডিয়া LPG ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন-এর সহ-সভাপতি বিজনবিহারী বিশ্বাস জানিয়েছেন, যাঁরা এখনও e-KYC করেননি, তাঁদের ১৬ অগাস্টের মধ্যে তা সম্পূর্ণ করতেই হবে।
তিনি বলেন, e-KYC না করলে শুধু নির্ধারিত দামে সিলিন্ডারই নয়, LPG ভর্তুকির সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে।
বর্তমানে কলকাতায়
• সাধারণ (Non-Ujjwala) গ্রাহকদের জন্য প্রতি সিলিন্ডারে ১৯.৫৭ টাকা ভর্তুকি দেওয়া হয়।
• উজ্জ্বলা যোজনা-র উপভোক্তারা প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান।
কত বাড়তে পারে খরচ?
ডিস্ট্রিবিউটরদের মতে, e-KYC না করা গ্রাহকদের ঠিক কত দাম দিতে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত নির্দেশিকা আসেনি।
তবে তাঁরা জানিয়েছেন, গৃহস্থালির নির্ধারিত দামে সিলিন্ডার আর মিলবে না, ফলে গ্রাহকদের বেশি দাম গুনতে হতে পারে।
বর্তমানে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৩,০৮১.৫০ টাকা। যদি ভবিষ্যতে e-KYC না করা গ্রাহকদের বাণিজ্যিক হারে গ্যাস দেওয়া হয়, তাহলে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের জন্য ২,০০০ টাকারও বেশি খরচ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন LPG ডিস্ট্রিবিউটররা।
ইতিমধ্যেই অধিকাংশ গ্রাহক e-KYC সম্পূর্ণ করেছেন
সরকারি তেল সংস্থাগুলির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ২.৭ কোটি গৃহস্থালির LPG গ্রাহকের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ ইতিমধ্যেই আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ করেছেন।
যাঁরা এখনও করেননি, তাঁদের দ্রুত e-KYC সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত দামে LPG সিলিন্ডার ও সরকারি ভর্তুকির সুবিধা অব্যাহত থাকে।





