ফের কালবৈশাখীর দাপটে বদলাবে আবহাওয়া, আগামী ৪দিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: চৈত্রের গরম যখন ধীরে ধীরে তীব্র হচ্ছিল, ঠিক তখনই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর (Kalbaishakhi) অনুকূল পরিস্থিতি৷ আলিপুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-weather-update-march-24-2026-orange-alert-north-bengal

কলকাতা: চৈত্রের গরম যখন ধীরে ধীরে তীব্র হচ্ছিল, ঠিক তখনই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর (Kalbaishakhi) অনুকূল পরিস্থিতি৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতাসহ রাজ্যের বিস্তীর্ণ অংশে আগামী চার দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

রবিবার থেকেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে, যা সোমবার থেকে আরও জোরদার হবে বলে পূর্বাভাস৷ আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও৷ সোমবার ও বৃহস্পতিবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে৷ অন্যদিকে মঙ্গলবার ও বুধবার হাওয়ার গতি বেড়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে৷

   

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই রকম পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বিশেষ করে বুধবার হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় কালবৈশাখীর জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷ অন্যদিকে মঙ্গলবার ও বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের দাপট বেশি হতে পারে৷ এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এছাড়াও সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে৷ মঙ্গলবার থেকে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে৷ এর ফলে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে৷ বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির প্রবণতা জারি থাকবে৷ বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, যার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে৷

আগামী চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে৷ তবে তার পরবর্তী দু’দিনে আবার ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গেও একইভাবে তাপমাত্রা কমবে, পরে ধীরে ধীরে আবার বাড়বে৷ সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম৷ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি কম৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google