কলকাতা: পকেটে বাড়তি চাপ পড়ছে আমিষপ্রেমীদের। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন বাজারে পাঁঠার মাংসের দাম (Mutton Price) কেজি প্রতি ১,১০০ থেকে ১,২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অনেকেরই আশা ছিল, দাম কিছুটা কমবে। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও লক্ষণ নেই। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে ছাগলের সরবরাহ কম থাকায় খুচরো দাম কমানোর সুযোগ নেই।
কেন বাড়ল পাঁঠার মাংসের দাম?
মাংস ব্যবসায়ীদের মতে, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়াই দাম বৃদ্ধির প্রধান কারণ। মে মাসের শেষ দিকে ইদ-উজ-জোহা (বকরিদ)-র পর থেকেই বাজারে ছাগলের সরবরাহ কমতে শুরু করে। ব্যবসায়ীদের দাবি, পশু জবাই সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে কার্যকর হওয়ায় অনেকেই কোরবানির জন্য গরুর বদলে ছাগল বেছে নেন। ফলে ছাগলের চাহিদা হঠাৎ করেই বেড়ে যায়। এরপর সাম্প্রতিক বিয়ের মরসুমেও চাহিদা আরও বাড়ে, যার প্রভাব পড়ে পাইকারি বাজারে।
পাইকারি বাজারেও সংকট
নারকেলডাঙার পাইকারি ছাগলের বাজারের ব্যবসায়ীদের মতে, জুনের প্রথম সপ্তাহ থেকে পরিস্থিতি খুব একটা বদলায়নি। যদিও রাজস্থান ও হরিয়ানা থেকে ছাগল আনার চেষ্টা চলছে, তবুও চাহিদা পূরণ করা যাচ্ছে না।
পাইকারি ব্যবসায়ী ইফতেখার আলম সংবাদমাধ্যমকে বলেন, “রাজস্থান ও হরিয়ানা থেকে ছাগল আনার চেষ্টা করছি। কিন্তু সেখান থেকেও পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না।”
প্রতি সপ্তাহান্তে কলকাতা ও শহরতলির চাহিদা মেটাতে প্রায় ১,২০০ থেকে ১,৪০০টি ছাগল বিক্রি হলেও, সেই তুলনায় বাজারে সরবরাহ কম।
কলকাতার বিভিন্ন এলাকায় কত দাম?
বর্তমানে শহরের বিভিন্ন দোকানে পাঁঠার মাংসের দাম—
• নূর মিট শপ (বাঁশদ্রোণী): ১,১০০ টাকা প্রতি কেজি
• এ ওয়ান মিট শপ (রাজডাঙা): ১,২০০ টাকা প্রতি কেজি
• ফুলবাগান মিট সাপ্লায়ার: ১,১০০ টাকা প্রতি কেজি
• বাঙালির পাঁঠার মাংসের দোকান (কলেজ স্ট্রিট): ১,০০০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৯০০ টাকা)
• সেন্ট্রাল মিট শপ (বি.বি. গাঙ্গুলি স্ট্রিট): ১,১৫০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৯৫০ টাকা)
• কোহিনূর মিট শপ: ১,০০০ টাকা প্রতি কেজি (আগে ছিল ৮৫০ টাকা)
দোকান মালিকদের বক্তব্য, পাইকারি বাজারে দাম না কমা পর্যন্ত খুচরো দামও কমানো সম্ভব নয়।
ক্রেতাদের মাথায় হাত
দামের জেরে সাধারণ ক্রেতারাও সমস্যায় পড়েছেন। নিউটাউনের এক বাসিন্দা বলেন, “আগে প্রায় প্রতি রবিবারই পাঁঠার মাংস কিনতাম। এখন কেজি ১,১০০ টাকা হওয়ায় নিয়মিত কেনা সম্ভব হচ্ছে না। দাম যদি আরও বাড়ে, তাহলে বিশেষ অনুষ্ঠান ছাড়া পাঁঠার মাংস খাওয়া বন্ধ করে রবিবারে মুরগির মাংসেই ভরসা করতে হবে।”
কবে কমতে পারে দাম?
ব্যবসায়ীদের মতে, পাইকারি বাজারে ছাগলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাঁঠার মাংসের দাম কমার সম্ভাবনা খুবই কম। ফলে আপাতত কলকাতার বাজারে কেজি প্রতি ১,০০০ টাকার নিচে দাম নামার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





