কলকাতা: রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ২৩ ও ২৯ এপ্রিল, দু দফায় নির্বাচন হবে বঙ্গে। ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। এর প্রভাব পড়তে পারে চলতি আইএসএলে। ভোটের ফলাফলের আগের দিন অর্থাৎ, ৩ মে রয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। ভোটের জেরে অনিশ্চিত আইএসএলে কলকাতা ডার্বি (Kolkata Derby)। এমনকি আইএসএলের বাকি ম্যাচের দিন পরিবর্তন হতে পারে।
রাজ্যে প্রথম দফায় ভোট ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে কলকাতায়। আবার ২৬ এপ্রিল যুবভারতীতে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান ও ইন্টার কাশীর। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। এর আগের দিন অর্থাৎ, ২৮ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ। ভোটের সময় নিরাপত্তা নিয়ে পুলিশ পাওয়ার সমস্যা হতে পারে। সুতরাং, ম্যাচগুলির দিন পরিবর্তন করা হলেও হতে পারে। যদিও পুরো বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
আগামী ৩ মে যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল দৌরাত্ম্য। আবার ওই দিনই কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। পুলিশ পাওয়া নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। শোনা যাচ্ছে, ডার্বি পিছিয়ে আগামী ১৭ মে করা হতে পারে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, “এবারের আইএসএলের সূচি তৈরি করেনি ফেডারেশন। তৈরি করেছে ক্লাবরা। ওরাই ঠিক করবে এই পরিস্থিতিতে সূচি কী থাকবে। নিশ্চয় এই পরিস্থিতি নিয়ে আলোচনা করে ওরা ফেডারেশনকে জানাবে।“ এখন শুধু সময়ের অপেক্ষা, শেষ পর্যন্ত কোন দিকে এগোয় ডার্বি ও অন্যান্য ম্যাচগুলির ভবিষ্যৎ।




















