সোহিনী পোড়েল, কলকাতা: অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে পর্যন্ত তাঁর ব্যাটিংয়ে বুঁদ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রতিপক্ষ দলের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতেন তিনি। তাঁর ব্যাটে বল লাগা মানেই বাউন্ডারি নইলে ওভার বাউন্ডারি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তরুণ তুর্কির ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু সুপারহিট থেকে একেবারে ফ্লপ হয়ে গেলেন তিনি। গ্রুপ পর্বে একের পর এক ইনিংসে রানের খাতা খুলতেই ব্যর্থ। সেমিফাইনালেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অবদান মাত্র ৭ বলে ৯ রান। শোনা যাচ্ছে, ফাইনালে তাঁকে বাদ দেওয়া হতে পারে। তবে ভরসা রাখার পরামর্শ দিলেন কপিল-শাস্ত্রী।
রবিবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত। এই ম্যাচে অভিষেক শর্মা প্রথম একাদশে জায়গা পাবেন কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রসঙ্গে ১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের মতামত, “নিজের দলের উপর ভরসা রাখুন। ম্যানেজমেন্টের উচিত প্লেয়ারের উপর ভরসা রাখা। অভিষেকের উচিত নিজের উপর বিশ্বাস রাখা। নিজেকে ভাবতে হবে আমি পারব, আমি পারফর্ম করবই। এখনও একটা ম্যাচ তো বাকি। সেটাই ফাইনাল। সেখানে করে দেখাতেই হবে।“ আগেই সঞ্জু স্যামসন বলেছিলেন, “আমরা সব প্লেয়ারদের খেয়াল রাখি। অভিষেকের উপর আস্থাবান গৌতম গম্ভীর ও সূর্য।“
১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, “দলে কোনও পরিবর্তনের দরকার নেই। শুধু অভিষেককে বলো নিজের প্রতিভার উপর ভরসা রাখতে। যেটা তোমার দুর্বল জায়গা, সেটার মধ্যে নিজেকে বন্দি রেখো না। নিজের শক্তির উপর আস্থা রাখো। আমরা তোমার পাশে আছি। মাঠে যাও আর খেলো। হয়তো এই ম্যাচটাই তোমার সেরা ইনিংস হতে পারে। তবে শট নির্বাচনের ক্ষেত্রে আরও বুদ্ধিমত্তা দেখাতে হবে অভিষেককে।“ কপিল, শাস্ত্রী ছাড়াও একাধিক প্রাক্তন ক্রিকেটার অভিষেকের পাশে দাঁড়িয়েছেন।




















