কলকাতা: রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা৷ বসন্তের শুরুতে একের পর এক ঝড় বৃষ্টিতে ইতিমধ্যেই জনজীবন কিছুটা ব্যাহত হয়েছে৷ এবার আবার নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিস জানিয়েছে, শুক্র ও শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে বলে জানানো হয়েছে৷ কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে৷ এই ঝড়ের সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷
বৃহস্পতিবার রাজ্যের আকাশ মূলত মেঘলা থাকবে৷ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, মূল ঝড়-বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে৷ ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং শনিবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে৷ আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখী এই সময় স্বাভাবিক হলেও, এবারের ঝড় তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে৷ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর৷ মালদহ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে৷




















