ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026), আজ শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতের অন্যতম বৃহৎ ক্রীড়া ও বিনোদন উৎসব। আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ২৮শে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ১৯ তম আইপিএল।
আসন্ন মৌসুমের অল্প কিছু দিন বাকি থাকতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিছু নির্দেশিকা জারি করেছে। এর উদ্যেশ্য হল খেলা চলাকালীন বিশৃঙ্খলা এড়ানো। প্রত্যেক দল ও খেলোয়াড়কে অবশ্যই এই নতুন নিয়মাবলি ও বিধিবিধান মেনে চলতে হবে। অন্যথায়, সেই দল বা খেলোয়াড়কে জরিমানার সম্মুখীন হতে হবে।
বিসিসিআই কর্তৃক প্রদত্ত নয়া নিয়মগুলি হল –
১. অনুশীলন চত্বরে দলগুলো দুটি নেট এবং রেঞ্জ হিটিং অর্থাৎ বড় শটের জন্য মূল পিচে একটি উইকেট পাবে।
২. কোনো দলকেই ‘ওপেন নেট’ অনুশীলনের অনুমতি দেওয়া হবে না।
৩. যদি কোনো দল নির্ধারিত সময়ের আগেই তাদের অনুশীলন শেষ করে ফেলে, তবে অন্য কোনো দলক সেই উইকেটটি অনুশীলনের জন্য ব্যবহার করার অনুমতি পাবে না।
৪. ম্যাচের দিনগুলিতে খেলোয়াড়দের কোনরকম অনুশীলনের অনুমতি দেওয়া হবে না।
৫. ম্যাচের দিনগুলোতে মূল পিচ চত্বরে দুলগুলির ফিটনেস পরীক্ষা চালানোর কোনো সুযোগ নেই।
৬. খেলোয়াড়দের অনুশীলনের দিনগুলোতে অবশ্যই দলের বাসে করে স্টেডিয়ামে যাতায়াত করতে হবে। তারা পরিবারের সদস্যদের সাথেও ভ্রমণ করতে পারবে না। পরিবারের সদস্য ও বন্ধুরা আলাদা গাড়ি করে নির্দিষ্ট স্থানে যেতে পারবেন।
৭. অনুশীলনের দিনগুলিতে অনুমতি প্রাপ্ত কর্মীরাই খেলার মাঠ ও ড্রেসিং রুমে প্রবেশ করতে পারবে।
৮. খেলোয়াড়ের পরিবারের সদস্য এবং বন্ধুরা সরাসরি মাঠে অনুশীলন দেখতে পারবেন না। তাঁদের আলাদা যানবাহনে আসতে হবে এবং তাঁরা হসপিটালিটি এলাকা থেকে দলের অনুশীলন দেখতে পারবেন।
৯. অতিরিক্ত সহায়ক কর্মীর প্রয়োজন হলে, আগে থেকে সেই তালিকা বিসিসিআই-কে জমা দিয়ে অনুমোদন নিতে হবে। অনুমোদন পেলে, ম্যাচের দিন ছাড়া অন্য দিনগুলির জন্য স্বীকৃতিপত্র জারি করা হবে।
১০. অনুশীলনে পৌঁছাতে খেলোয়াড়দের টিম বাস ব্যবহার করতে হবে। দল দুটি ব্যাচে যাতায়াত করতে পারবে।
১১. খেলোয়াড়দের এলইডি বোর্ডের পরিবর্তে যে হিটিং নেট সরবরাহ করা হবে তাতেই হিট করতে হবে।
বিসিসিআই আগেই আইপিএল-এর প্রথম ২০টি ম্যাচের সময়সূচি ঘোষণা করেছিল। বেশ কয়েকটি রাজ্যে আসন্ন নির্বাচনের কারণে সম্পূর্ণ তালিকা প্রকাশিত করা যায়নি। তাই বিসিসিআই জানিয়েছে, নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পর অবশিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে।




















