Kolkata: বিশ্বজুড়ে এখন টি-টোয়েন্টি লিগের রমরমা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) জনপ্রিয়তাও সারা বিশ্বে। প্রতিবছর বিভিন্ন দেশের ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একযোগে এই টুর্নামেন্টে মাঠে নামে। এতদিন আইপিএল ৭৪ ম্যাচের টুর্নামেন্টে ছিল। তবে এবার ৯৪ ম্যাচের পরিকল্পনা করছে আইপিএল গভর্নিং বডি কাউন্সিল।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল জানিয়েছেন, জনপ্রিয় এই টুর্নামেন্টকে আরও দীর্ঘ করতে চায়। এবিষয়ে তিনি বলেন, “এখন মার্চের মাঝামাঝি থেকে মে-র শেষ পর্যন্ত সময় আছে। জুন মাস এলেই দক্ষিণ ভারতে বর্ষা চলে আসে। তাই পরে সময় বাড়ানোর সুযোগ কম। তাই আমাদের ভাবতে হচ্ছে।”
তবে ২০২৭ পযর্ন্ত আইপিএল দীর্ঘ করা যাবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, “৭৪ ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচ করতে হলে আমাদের আরও ডবল-হেডার (দিনে দু’টি করে ম্যাচ) বাড়াতে হবে। তাতে সম্প্রচারকারীদের সমস্যা হতে পারে। ওদের কথাটাও তো ভাবতে হবে। তাই এ বারও আমরা ৭৪ ম্যাচই রেখেছি।”
ধূমল জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে আইপিএল-কে দীর্ঘ করতে চায় তাঁরা। তাঁর কোটাজু, “২০২৭ সাল থেকে নতুন পর্যায় শুরু হলে আমরা বুঝতে পারব কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ় কমাতে পারব। তা হলে কিছুটা জায়গা পাওয়া যাবে। এখনই দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে দলের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। এখন সব দল সব দলের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলে না। প্রতিটা দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেললেই ম্যাচের সংখ্যা বাড়বে।”
আইপিএল-এর চেয়ারম্যান আরও বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, সংযুক্ত আরব আমিরশাহি, সব দেশেই লিগ হচ্ছে। অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। তাতে তারাও সময় পাচ্ছে। আমরাও আলোচনা করছি। দেখা যাক, কী হয়।”
২০২৭ সাল পর্যন্ত আইসিসি-এর সূচির কথা মাথায় রেখে ধূমল বলেন, “আমরা আলোচনা করব। কারণ, আইপিএলের প্রভাব শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটে পড়ছে। ক্রিকেটের ছবিটাই বদলে গিয়েছে। তাই এই লিগ আরও বড় করার প্রয়োজন পড়েছে। আমরা সেই বিষয়েই ভাবছি।”




















