নয়াদিল্লি: আগামী ২১ জুন আয়োজিত হতে চলেছে নিট ইউজি-র পুনঃপরীক্ষা। ৩ মে-র পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে গুরুতর অভিযোগ উঠেছিল৷, তার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নামছে প্রশাসন। পরীক্ষা শুরুর আগে পর্যন্ত প্রশ্নপত্রকে সুরক্ষিত রাখাই এখন মোদী সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। (Indian Air Force may secure NEET UG re exam question papers)
প্রতিরক্ষা মন্ত্রকের হাই-ভোল্টেজ বৈঠক
এই পরীক্ষা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ভারতীয় বায়ুসেনার শীর্ষ আধিকারিকেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে আলোচনা হয়েছে যে, প্রশ্নপত্র তৈরি, তা ছাপানো, নির্দিষ্ট স্ট্রং-রুমে বা কেন্দ্রে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া এবং পরীক্ষার দিন পড়ুয়াদের হাতে পৌঁছোনো পর্যন্ত গোটা প্রক্রিয়াটি বায়ুসেনার নিরাপত্তার ঘেরাটোপে করা সম্ভব কি না।
অনুমোদনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর দফতর
বায়ুসেনাকে যুক্ত করার এই বিশেষ প্রস্তাবটি ইতিমধ্যেই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। পিএমও-র সবুজ সংকেত মিললেই বায়ুসেনা তাদের নিজস্ব নিরাপত্তা প্রোটোকল মেনে কাজ শুরু করে দেবে। সূত্রের খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত গতিবিধির ওপর কড়া নজর রাখছেন এবং পরীক্ষার প্রতিটি খুঁটিনাটি আপডেট নিয়মিত তাঁকে জানানো হচ্ছে।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র তরফে জানানো হয়েছে, এবারের পুনঃপরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে। প্রশ্ন ফাঁসের কলঙ্ক মুছে পরীক্ষা শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে কেন্দ্র যে কতটা অনড়, বায়ুসেনাকে নামানোর এই প্রস্তাবই তার সবচেয়ে বড় প্রমাণ।




















