সিকিমে ভয়াবহ ধস! লাচেনে আটকে ৮০০-র বেশি পর্যটক

গ্যাংটক: দক্ষিণবঙ্গে যখন গরমের দোসর তাপপ্রবাহ, ঠিক তখনই পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম ভোগান্তি। সিকিমের মঙ্গন জেলায় লাচেন থেকে চুংথাংগামী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় রবিবার থেকে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Sikkim landslide tourists stranded

গ্যাংটক: দক্ষিণবঙ্গে যখন গরমের দোসর তাপপ্রবাহ, ঠিক তখনই পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম ভোগান্তি। সিকিমের মঙ্গন জেলায় লাচেন থেকে চুংথাংগামী রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়ায় রবিবার থেকে সেখানে আটকে পড়েছেন ৮০০-র বেশি পর্যটক। আবহাওয়া চরম প্রতিকূল থাকায় পর্যটকদের আপাতত লাচেনেই নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। (Sikkim landslide tourists stranded)

প্রশাসন সূত্রে খবর, লাচেন-চুংথাং রোডের ওপর তারুম চু ব্রিজের কাছে বিরাট ধস নেমেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই এই নতুন সেতুটির উদ্বোধন হয়েছিল। কিন্তু এক মাসের মাথাতেই ধসের জেরে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত এবং বরফ সরানোর কাজে নেমেছে সিকিম পুলিশ, আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এবং ভারতীয় সেনাবাহিনী।

   

হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে তুষারপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অনুকূল হলে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে লাচেন-ডঙ্খা লা এবং লাচুং-গ্যাংটক রুট দিয়ে নিরাপদে সমতলে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর আগে গত ২৫ মার্চও চুংথাংয়ে ধস ও প্রবল বৃষ্টির কারণে আটকে পড়েছিলেন প্রায় ২০০ পর্যটক। গরমের ছুটিতে পাহাড়ে যখন পর্যটকদের ঢল নামার কথা, ঠিক সেই সময়েই পরপর এই বিপর্যয়ে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটক মহলে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google