মুম্বই: নিট (NEET) নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের এক বড়সড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) খবর। এবার ঘটনাস্থল মহারাষ্ট্র। পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগেই ফাঁস হয়ে গেল মহারাষ্ট্র টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট (TET)-এর প্রশ্নপত্র। জালিয়াতির প্রমাণ মিলতেই রবিবার, অর্থাৎ ২৮ জুনের নির্ধারিত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র স্টেট এগজামিনেশন কাউন্সিল। (Maharashtra TET Paper Leak)
কীভাবে ফাঁস হল জালিয়াতির ছক?
শনিবার (২৭ জুন) সকালে গোপন সূত্রে খবর পেয়ে থানের ভিওয়ান্ডি (Bhiwandi) এলাকায় আচমকা তল্লাশি চালায় পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজনের কাছ থেকে সিল করা টেট প্রশ্নপত্রের বেশ কয়েকটি পাতা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র স্টেট এগজামিনেশন কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলি আসল কি না, তা যাচাই করতে গিয়ে দেখা যায়, ফাঁস হওয়া প্রশ্নপত্রগুলো একেবারেই আসল!
ঘটনার সত্যতা সামনে আসতেই ভিওয়ান্ডি পুলিশ স্টেশনে একটি ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কী জানাল কাউন্সিল?
শনিবার কাউন্সিলের তরফে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই ২৮ জুনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। রবিবার রাজ্যের মোট ১০২৮টি কেন্দ্রে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরবর্তী পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই অফিশিয়াল ওয়েবসাইটে নতুন দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কাউন্সিল।
অনিশ্চয়তায় লক্ষাধিক পরীক্ষার্থী
রবিবারের এই মেগা টেট পরীক্ষায় মহারাষ্ট্রের প্রায় ৪.২৮ লক্ষ পরীক্ষার্থীর বসার কথা ছিল। দূরদূরান্ত থেকে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পরীক্ষার ঠিক একদিন আগে এমন ঘোষণায় চরম অনিশ্চয়তায় পড়েছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী।
অতীতের ছায়া
মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এই প্রথম নয়। এর আগে গত বছর কোলাপুরেও একইভাবে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। একের পর এক এই ধরণের ঘটনায় দেশের পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো।



