CJP আন্দোলনে মধ্যরাতে বড় আপডেট! FIR প্রত্যাহারের আশ্বাস, আজই সরকারি বিজ্ঞপ্তি

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন ঘিরে গভীর রাতে বড় আপডেট সামনে এসেছে। আন্দোলনের অন্যতম মুখ সৌরভ দাস সামাজিক মাধ্যম X-এ জানিয়েছেন, সরকারের প্রতিনিধিদের সঙ্গে…

cjp-protest-sourav-das-claims-fir-withdrawal-assurance-government-meeting

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলন ঘিরে গভীর রাতে বড় আপডেট সামনে এসেছে। আন্দোলনের অন্যতম মুখ সৌরভ দাস সামাজিক মাধ্যম X-এ জানিয়েছেন, সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের প্রায় ২ থেকে ৩ ঘণ্টার বৈঠক হয়েছে। বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সৌরভ দাসের পোস্ট অনুযায়ী, তাঁদের হাতে বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তুলে দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার, ভবিষ্যতে কোনও ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া এবং আটক ও গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisements

আজই আসতে পারে আরও বিজ্ঞপ্তি

সৌরভ দাস আরও দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বা NDA-শাসিত অন্যান্য রাজ্যগুলিও একই ধরনের গ্যারান্টি-সংবলিত বিজ্ঞপ্তি মঙ্গলবারের মধ্যেই প্রকাশ করবে বলে সরকারের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন।

তাঁর পোস্টে লেখা হয়েছে, “সরকারের প্রতিনিধিরা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে, কেন্দ্র এবং অন্যান্য বিজেপি/NDA শাসিত রাজ্যগুলির তরফেও আগামীকালের মধ্যে গ্যারান্টি-সংবলিত বিজ্ঞপ্তি জারি করা হবে।”

“কোনও আন্দোলনকারী একা নয়”

পোস্টের শেষে সৌরভ দাস লেখেন, “No protester will be left alone. We are all in this together!” অর্থাৎ, “কোনও আন্দোলনকারীকে একা ফেলে রাখা হবে না, আমরা সবাই একসঙ্গেই আছি।”

এখনও সরকারি নিশ্চিতকরণ নেই

তবে সৌরভ দাসের এই দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার, বিহার সরকার, অসম সরকার বা সংশ্লিষ্ট অন্য কোনও সরকারি সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে তাঁর পোস্টে করা দাবিগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ আইনি অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ছবি সামনে আসবে বলে মনে করা হচ্ছে।