পাকিস্তানকে উড়িয়ে দেবে…! খোঁচা দিয়ে পরামর্শ প্রাক্তন ভারত তারকার

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে। ঠিক সেই সময় বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
india-vs-pakistan-t20-world-cup-srikkanth-statement

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে। ঠিক সেই সময় বিতর্ক উসকে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সরাসরি পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে না খেলার পরামর্শ দিয়ে তিনি বললেন, মাঠে নামলে ‘লজ্জার হার’ এড়ানো কঠিন হবে।

বর্তমানে পাক ক্রিকেট বোর্ড ও সরকারের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একাধিক বৈঠক চলছে। নিরাপত্তা ও আইসিসির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে টানাপোড়েন। এরই মধ্যে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় আইসিসি তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। আইসিসি বাংলাদেশের সঙ্গে ন্যায্য আচরণ করেনি। এহেন অভিযোগ তুলে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে।

   

এই প্রেক্ষাপটেই নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা শ্রীকান্ত। ভারতের বর্তমান ব্যাটিং শক্তির উদাহরণ টেনে তিনি বলেন, “ভারত এক ম্যাচে ১৫ ওভারে ২০৯ রান করেছে, আরেক ম্যাচে ১০ ওভারে ১৫০ রান। এটা দেখেই অনেক দল বলতে পারে, আমরা ভারতে খেলতে যাব না।”

এরপর পাকিস্তানকে উদ্দেশ করে আরও কড়া ভাষায় বার্তা দেন তিনি। শ্রীকান্ত বলেন, “পাকিস্তান, ভারতে এসো না। মহসিন নকভি এই নিয়ে কথা বলছেন। আমি বলছি, তোমরা এসো না। লজ্জার হারের মুখ দেখতে হবে। কলম্বোতে মারা ছক্কা মাদ্রাজে গিয়ে পড়তে পারে। ভারত থেকে বাঁচার একটাই রাস্তা, খেলতেই এসো না। ভারতীয় প্লেয়াররা তোমাদের উড়িয়ে দেবে।”

শ্রীকান্তের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে ভারতের সাম্প্রতিক ফর্ম তাঁর বক্তব্যকে আরও জোরালো করছে বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা, তাও বেশ সহজভাবে।

বিশেষ করে অভিষেক শর্মা, ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব তিন তারকার ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় শিবিরকে আরও ভয়ংকর করে তুলেছে। এই ফর্মে বিশ্বকাপে ভারতের দিকে চোখ বন্ধ করে ফেভারিটের তকমা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিশ্বকাপের আগেই ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে কি না, তা সময়ই বলবে। তবে শ্রীকান্তের মন্তব্য যে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে, তা বলাই বাহুল্য।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google