
নির্ধারিত সূচি অনুসারে আজ মালদ্বীপে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF U20) ম্যাচে নেমেছিল ভারত। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল প্রতিবেশী বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আজ মূলত গ্রুপের সেরা হওয়ার লড়াই ছিল দুই দলের মধ্যে। যারফলে প্রথম থেকে যথেষ্ট উত্তেজনা ছিল এই ম্যাচে। যদিও ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন ভারতের হয়ে গোল করে বিশাল যাদব। অন্যদিকে, বাংলাদেশকে সমতায় এনেছিল রিয়াদ ফাহিম। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।
তবে গোল পার্থক্যের নিরিখে প্রতিবেশীদের টেক্কা দেয় ভারতের তরুণ ব্রিগেড। যারফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নামতে চলেছে ব্লু টাইগার্সরা। উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে তৎপর হয়ে উঠেছিল দুই দলের ফুটবলাররা। কিন্তু গোলের মুখ খুলতে খুব একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ফুটবলারদের, প্রায় ১৭ মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বল অনবদ্য হেড করে গোলে ঠেলে দিয়ে যান বিশাল যাদব। সেই গোলের পর সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল প্রতিপক্ষ গ্যালারি। ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও সেটা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি।
প্রথমার্ধের শেষের দিকে বিকল্প হিসেবে মাঠে আসে রিয়াদ। অতিরিক্ত সময়ের মধ্যেই গোল করে বাংলাদেশকে সমতায় এনে দিয়েছিল এই ফুটবলার। ১-১ গোলের অমীমাংসিত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল দুই দেশের ফুটবলাররা। গোলের সুযোগ ও এসে গিয়েছিল একাধিকবার। কিন্তু সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষেই। এদিন ম্যাচের মাঝামাঝি সময় বাংলাদেশের রক্ষণভাগে ফাঁটল ধরিয়ে বল নিয়ে ঢুকে পড়েছিল ওমাং। কিন্তু গোলে বল রাখা সম্ভব হয়নি।
যার ফলে খুব সহজেই বলটিকে বিপদ মুক্ত করেছিল বাংলাদেশের গোলরক্ষক। না হলে অনায়াসেই এগিয়ে যেতে পারত ভারতীয় দল। আগামী ১লা এপ্রিল সেমিফাইনালে নামবে ব্লু টাইগার্স। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভুটান।













