
অবশেষে স্বস্তির খবর পেলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে জট কাটতে চলেছে বলে জানা গিয়েছে। শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ সামাজিক মাধ্যমে এক বার্তা দিয়ে জানান, আগামী সপ্তাহের মধ্যেই ভারতে বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হতে পারে। তাঁর এই ঘোষণার পরই আশার আলো দেখছেন দেশের কোটি কোটি ফুটবল সমর্থক।
গত কয়েক মাস ধরেই বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল বড় অনিশ্চয়তা। বিশেষ করে কয়েক দিন আগে প্রসার ভারতী স্পষ্ট জানিয়ে দেয়, ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব নেওয়া তাদের পক্ষে বাধ্যতামূলক নয়। আদালতেও একই বক্তব্য জানায় তারা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, ভারতে বসে আদৌ বিশ্বকাপ দেখা যাবে কি না। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান ফুটবলপ্রেমীরা। এই পরিস্থিতির মধ্যেই সুখবর শোনান সাজি প্রভাকরণ। তিনি জানান, সম্প্রচার সংক্রান্ত সমস্ত আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী সপ্তাহেই চূড়ান্ত ঘোষণা হতে পারে। তাঁর বক্তব্য, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং ভারতীয় সমর্থকদের আর উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ভারতের দর্শকরাও উপভোগ করতে পারবেন বলেই আশাবাদী তিনি।
ভারতে ফুটবলের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দেশের ফুটবল দল আন্তর্জাতিক স্তরে খুব বেশি সাফল্য না পেলেও বিশ্বকাপ এলেই উন্মাদনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন কিংবা পর্তুগালের মতো দলের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। শহর থেকে গ্রাম— সর্বত্রই ফুটবল বিশ্বকাপ নিয়ে আলাদা আবেগ কাজ করে। ২০২৬ এবং ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ভারতে স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
প্রথমে সম্প্রচার স্বত্বের মূল্য রাখা হয়েছিল প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনও সংস্থা আগ্রহ দেখায়নি। পরে সেই মূল্য অনেকটাই কমিয়ে আনা হয়। তবুও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে অনিশ্চয়তা আরও বাড়তে থাকে। অবশেষে সেই জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হয়ে গেলে ভারতীয় ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের উদ্বেগের অবসান ঘটবে। এখন সকলের অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।













