নয়াদিল্লি: বিমানযাত্রীদের জন্য সুখবর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, দেশের প্রতিটি ফ্লাইটে (Flights) অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা বিনামূল্যে বেছে নিতে পারবেন৷ এর ফলে পছন্দের সিট নির্বাচন করতে আর অতিরিক্ত টাকা গুনতে হবে না বহু ক্ষেত্রেই৷ এই নিয়ম কার্যকর করবে ডিজিসিএ৷
এতদিন পর্যন্ত অধিকাংশ বিমান সংস্থা যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট সিট বেছে নেওয়ার জন্য আলাদা চার্জ নিত। বিশেষ করে জানালার ধারে বা আইল সিটের জন্য যাত্রীদের অতিরিক্ত অর্থ খরচ করতে হত। অনেক সময় এই চার্জ টিকিটের দামের সঙ্গে উল্লেখযোগ্যভাবে যোগ হত। নতুন নিয়ম কার্যকর হলে অন্তত ৬০ শতাংশ আসনের ক্ষেত্রে এই বাড়তি খরচ আর দিতে হবে না।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মতে, এই সিদ্ধান্ত যাত্রীদের স্বার্থ রক্ষা এবং বিমান পরিষেবায় স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও আরামদায়ক করার চেষ্টা করা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, একই পিএনআর-এ বুকিং থাকা যাত্রীদের যতটা সম্ভব পাশাপাশি বসার ব্যবস্থা করতে হবে। এতে পরিবার বা একসঙ্গে ভ্রমণকারীদের জন্য বিশেষ সুবিধা হবে। এছাড়া খেলাধুলার সরঞ্জাম এবং বাদ্যযন্ত্র বহনের ক্ষেত্রে স্পষ্ট ও যাত্রী-বান্ধব নিয়ম তৈরি করতে হবে এয়ারলাইন্সগুলিকে।
পোষ্য প্রাণী নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও পরিষ্কার নীতি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন এই বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সের নিয়ম আলাদা হওয়ায় যাত্রীরা বিভ্রান্ত হতেন। নতুন নিয়ম চালু হলে সেই সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ফ্লাইট দেরি, বাতিল বা বোর্ডিং না-পাওয়ার ক্ষেত্রে যাত্রীদের অধিকার কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারলাইন্সগুলিকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, বুকিং প্ল্যাটফর্ম এবং বিমানবন্দরের কাউন্টারে যাত্রী অধিকার স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল যাত্রীদের অধিকার আঞ্চলিক ভাষায় জানাতে হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহজে তা বুঝতে পারেন। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বিমান বাজার। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী বিমানপথে যাতায়াত করছেন। এই প্রেক্ষাপটে নতুন নিয়ম যাত্রীদের জন্য বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি।




















