ইসলামাবাদ: পাকিস্তানে শুরু হয়েছে জাতীয় পোলিও টিকাকরণ অভিযান (Pakistan Polio Campaign)। যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরকারি তথ্য অনুযায়ী, এবারের অভিযানে ৪ কোটি ৪০ লাখের বেশি শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে। তবে জানা যাচ্ছে এখনও প্রায় ১০ লাখ শিশু এই টিকার আওতার বাইরে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, টিকাকরণ অভিযানের সময় প্রায় ৬ লাখ ৭০ হাজার শিশুকে ‘বাড়িতে পাওয়া যায়নি’ বলে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েও অনেক শিশুকে টিকা দিতে পারেননি। এছাড়া, ৫৩ হাজারের বেশি পরিবার সরাসরি টিকা নিতে অস্বীকার করেছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে কেন এত সংখ্যক শিশু টিকার বাইরে রইলো। যদিও বিশেষজ্ঞদের অনেকের মতে, সামাজিক কুসংস্কার, ভুল তথ্য এবং কিছু অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পোলিও নির্মূল অভিযানে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের কাজ করা কঠিন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে টিকাকরণ নিয়ে ভুল ধারণা থাকায় পরিবারগুলো শিশুদের টিকা দিতে অস্বীকার করেছে।
তবে স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ‘বাড়িতে পাওয়া যায়নি’ বলে চিহ্নিত শিশুদের পুনরায় চিহ্নিত করে বিশেষ ক্যাম্পের মাধ্যমে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া, যেসব পরিবার টিকা নিতে অস্বীকার করেছে, তাদের বোঝানোর জন্য স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতা এবং সমাজকর্মীদের সহায়তা নেওয়া হচ্ছে। সরকারের বক্তব্য, পোলিও নির্মূলে নিশ্চিত করতে হবে কোনো শিশু যেন বাদ না পড়ে, সে কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।




















