সোহিনী পোড়েল, কলকাতা: এখন খেলার জগতে হট টপিক ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও মাহিকা শর্মা প্রেমকাহিনী। ভালোবাসার সপ্তাহ পালন থেকে প্রেমিকা মাহিকার নামের প্রথম অক্ষরের ট্যাটু করিয়েছেন ‘রোমিও’ হার্দিক। প্রফেশনাল ও পার্সোনাল – দুই দিকই ব্যালান্স করে চলছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহিকার সঙ্গে বার বার দেখা গিয়েছে হার্দিককে। রবিবার ফাইনালের আগে বিসিসিআইয়ের নিয়ম ভাঙলেন। বিসিসিআইকে বুড়ো আঙুল দেখিয়ে গম্ভীরের সঙ্গে প্রেমিকার আলাপ করালেন হার্দিক। এরপরই প্রশ্ন উঠছে, ফাইনালের আগে কি বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি?
রবিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর আগে মুম্বই থেকে আহমেদাবাদে পৌঁছেছেন হার্দিকরা। টিম বাসে ওঠার সময়ে দেখা যায়, হার্দিকের সঙ্গে হাত ধরে রয়েছেন মাহিকা। হেড কোচ গৌতম গম্ভীরের কাঁধে টোকা দিয়ে মাহিকার পরিচয় করিয়ে দেন হার্দিক। মাহিকাকে সৌজন্যমূলক আলিঙ্গন করেন গম্ভীর। কোচ গম্ভীরকে শুভেচ্ছা জানান মাহিকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে বিতর্কের অন্ত নেই।
Read More: যুদ্ধের জেরে বন্ধ আকাশপথ, ক্রিকেটারদের ফেরাতে বিশেষ ব্যবস্থা আইসিসির
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। তাহলে প্রশ্ন উঠছে, কীভাবে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে বার বার দেখা যাচ্ছে হার্দিককে? ফাইনালের আগে শাস্তির মুখে কি পড়তে হবে হার্দিককে? তা নিয়ে তুঙ্গে জল্পনা। উল্লেখ্য, ২০২৪ সালে সার্বিয়ার নায়িকা নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় দেড় বছর সন্তানকে নিয়ে একাই কাটিয়েছেন হার্দিক। বর্তমানে তাঁর জীবনে এসেছেন মাহিকা শর্মা।




















