মুম্বই: বহু প্রতীক্ষিত ‘মির্জাপুর: দ্য মুভি’-র টিজার (Mirzapur The Movi) মুক্তি পাচ্ছে আগামীকাল, বৃহস্পতিবার। তার আগেই দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে ছবির নতুন পোস্টার এবং একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতারা। পোস্টারে দেখা মিলেছে পঙ্কজ ত্রিপাঠীর কালীন ভাইয়া, আলি ফজলের গুড্ডু ভাইয়া এবং দিব্যেন্দুর জনপ্রিয় চরিত্র মুন্না ভাইয়ার।
নতুন পোস্টারে কী রয়েছে?
প্রকাশিত পোস্টারে মির্জাপুরের ক্ষমতার প্রতীক ‘গদ্দি’কে (সিংহাসন) কেন্দ্রস্থলে রাখা হয়েছে। দু’পাশে রয়েছে আগ্নেয়াস্ত্র, যা এক ঝলকেই মনে করিয়ে দেয় ক্ষমতার লড়াই, প্রতিশোধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষে ভরা মির্জাপুরের জগতকে।
নির্মাতারা এখনও ছবির গল্প সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে পোস্টার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ক্ষমতার দখল নিয়ে যুদ্ধ এখনও শেষ হয়নি। আগামীকালের টিজারে সেই সংঘাতের আরও কিছু ঝলক দেখা যেতে পারে বলে মনে করছেন অনুরাগীরা।
ফিরছেন পরিচিত সব চরিত্র
ছবিতে আবারও কালীন ভাইয়ার চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। গুড্ডু ভাইয়া হিসেবে ফিরছেন আলি ফজল এবং দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র মুন্না ভাইয়ার ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু।
এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগ্গল, শ্বেতা ত্রিপাঠী, শ্রিয়া পিলগাঁওকর, হর্ষিতা গৌর, সুশান্ত সিং, মোহিত মালিক, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং, কুলভূষণ খরবন্দা, সোনাল চৌহান, প্রমোদ পাঠক এবং অনঙ্গশা বিশ্বাস।
মুক্তিতে এত দেরি কেন?
এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছিলেন, ২০২৪ সালে ছবির ঘোষণা হওয়ার পর থেকেই চিত্রনাট্যের কাজ শুরু হয়েছিল। তাঁর মতে, শক্তিশালী গল্প ছাড়া কোনও চলচ্চিত্র নির্মাণে এগোনো উচিত নয়।
তিনি মজার ছলে বলেছিলেন, “চা যেমন ভালো করে ফুটে উঠলে তবেই ছেঁকে নেওয়া হয়, তেমনই গল্প পুরোপুরি প্রস্তুত হওয়ার পরেই ছবির কাজ শুরু হয়েছে।”
কবে মুক্তি পাবে?
Amazon MGM Studios এবং Excel Entertainment-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন গুরমিত সিং। চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। প্রযোজক হিসেবে রয়েছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার।
সব ঠিক থাকলে ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মির্জাপুর: দ্য মুভি’। ওটিটি থেকে বড় পর্দায় আসা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে।



