জীবনে ফের বসন্ত! ষাটে এসে গৌরীর সঙ্গে গাঁটছড়া! কবে বিয়ে করছেন আমির?

মুম্বই: ৬ দশক পার করে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের মহাতারকা আমির খান। আগামী ৫ জুলাই, রবিবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ…

Aamir Khan to Marry Gauri Spratt on July 5

মুম্বই: ৬ দশক পার করে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের মহাতারকা আমির খান। আগামী ৫ জুলাই, রবিবার প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। শোনা যাচ্ছে, কোনও তারকাসুলভ আড়ম্বর ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া মেজাজে আইনি বিয়ে সারবেন তাঁরা। অভিনেতার কথায়, জাঁকজমক এড়িয়ে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতেই সাদামাঠা ভাবে এই আইনি সিলমোহর দেওয়া হবে। (Aamir Khan to Marry Gauri Spratt on July 5)

কন্যা ইরার বিয়ের কিছুকাল পরেই গৌরীর সঙ্গে প্রেমের কথা জনসমক্ষে আনেন অভিনেতা। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর তীব্র বিষণ্ণতা ও একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। একসময় তিনি ভেবেছিলেন আর হয়তো সংসার করা হবে না। তবে গৌরীর সান্নিধ্যে সেই অন্ধকার পর্ব কাটিয়ে উঠেছেন তিনি। আমির জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তির আগেই মানসিক দিক থেকে গৌরীর সঙ্গে এক আত্মিক দাম্পত্য অনুভব করতেন তিনি।

Advertisements

সম্প্রতি ‘লগান’ ছবির ২৫ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে মায়ানগরী। সেখানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে এক ফ্রেমে দেখা মিলেছে হবু স্ত্রী গৌরীর। শুধু তাই নয়, দিনকয়েক আগে কিরণ ও তাঁর সন্তানকে গৌরীর সঙ্গে একই গাড়িতে সফর করতেও দেখা যায়। প্রাক্তনদের সঙ্গে বর্তমানের এই পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রথম প্রেম রীনাকে বিয়ে করেন আমির। ২০০০ সালে তাঁদের বিচ্ছেদের পর ২০০৫ সালে সহ-পরিচালক কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দীর্ঘ ১৫ বছরের সংসারের পর ২০২১ সালে সেই সম্পর্কেও ইতি টানেন অভিনেতা। এ বার জীবনের এই পরিণত বয়সে গৌরীর হাত ধরে নতুন পথচলার অপেক্ষায় আমির খান।