ঝাড়গ্রাম: একদিকে রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা। জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা)। কিন্তু এসব আইনি কড়াকড়ির তোয়াক্কা না করেই বৃহস্পতিবার সকালে সোজা ভোটকেন্দ্রের সামনে উদয় হল ঝাড়গ্রামের পরিচিত হাতি ‘রামলাল’! ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে তুমুল শোরগোল পড়ে যায়।
কীভাবে এল রামলাল?
ভোটের দিন যাতে জঙ্গলমহলে হাতির কারণে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য রামলালকে আগাম নজরবন্দি করে রেখেছিল বনদপ্তর। কিন্তু সমস্ত ব্যারিকেড ও সতর্কতা এড়িয়ে বৃহস্পতিবার সকালে জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের বুথের সামনে হেলেদুলে হাজির হয় সে। তাকে চোখের সামনে দেখে ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই পকেট থেকে স্মার্টফোন বের করে এই ‘হেভিওয়েট’ দর্শকের ছবি ও ভিডিয়ো তুলতে শুরু করেন।
নিজের খেয়ালেই মগ্ন Elephant Ramlal in Jhargram Polling Booth
জনতার এই উন্মাদনায় বিন্দুমাত্র ভ্রূক্ষেপ ছিল না রামলালের। সে নিজের খেয়ালেই এলাকার এ রাস্তা থেকে ও রাস্তায় ঘুরে বেড়ায়। এমনকি রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের স্তূপ থেকে খাবারও খুঁজতে দেখা যায় তাকে। হোস পাইপের জল ছিটিয়ে তাকে সরানোর চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। শেষে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে তাকে বুঝিয়ে-সুঝিয়ে জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যান।
রামলালের অতীত সূত্র
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই ‘শ্যামলাল’ নামে অন্য এক হাতির সঙ্গে এলাকা দখলের লড়াইয়ে ডান পায়ে গুরুতর চোট পেয়েছিল রামলাল। যন্ত্রণায় কাতর হাতিটিকে স্থানীয়দের চাঁদা ও বনদপ্তরের চিকিৎসায় সুস্থ করে শালবনির জঙ্গলে ছাড়া হয়েছিল। সুস্থ হয়েই ভোটের দিন সকালে তার এই অপ্রত্যাশিত ‘বুথ পরিদর্শন’ ঝাড়গ্রামের ভোট-উৎসবে এক অন্য মাত্রা যোগ করল।




















