নয়াদিল্লি: অপেক্ষা আর একমাসের৷ তারপরই ২৩ এপ্রিল প্রথম দফায় বাংলায় বিধানসভা নির্বাচন৷ তার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ দেওয়া হয়েছে৷
এই সুবিধা পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃত রাজনৈতিক দলগুলির জন্য প্রযোজ্য৷ প্রতিটি দল নির্দিষ্ট সময়, প্রায় ৪৫ মিনিট করে বিনামূল্যে সম্প্রচারের সুযোগ পাবে৷ পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত সময়ও বরাদ্দ করা হতে পারে৷
প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকে ভোটের দুই দিন আগে পর্যন্ত এই বিনামূল্যে সম্প্রচার চালু থাকবে৷ তবে প্রচারের ক্ষেত্রে দলগুলিকে কিছু নিয়ম মেনে চলতে হবে৷ আগাম প্রচারের স্ক্রিপ্ট জমা দিতে হবে এবং নির্ধারিত প্রযুক্তিগত মান বজায় রাখতে হবে৷ নির্বাচন কমিশন জানিয়েছে, দূরদর্শন ও আকাশবাণীতে বিশেষ রাজনৈতিক আলোচনা ও বিতর্কেরও আয়োজন করা হবে৷ এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন৷
ভোটারদের সুবিধার জন্যও একাধিক নির্দেশ দিয়েছে কমিশন৷ দেশের ২ লক্ষেরও বেশি বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো, ছায়া এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য র্যাম্পের ব্যবস্থা নিশ্চিত করতে হবে৷ ভোটকেন্দ্রে সঠিক চিহ্নিতকরণ এবং আলাদা ভোটকক্ষ রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷
বুথের বাইরে চার ধরনের তথ্য পোস্টার থাকবে, যেখানে প্রার্থীদের নাম ও গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে৷ পাশাপাশি ভোটার সহায়তা কেন্দ্র চালু থাকবে, যেখানে বুথ স্তরের আধিকারিকরা ভোটারদের সাহায্য করবেন৷ নিরাপত্তার স্বার্থে বুথের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে কড়া নিয়ম জারি করা হয়েছে৷ ভোটারদের ফোন সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হবে এবং প্রয়োজনে ফোন জমা রেখে ভোট দিতে হবে৷




















