কলকাতা: বৃষ্টির দাপটে ইতিমধ্যেই একবার ভেস্তে গিয়েছে আইপিএল-এর (IPL 2026) ম্যাচ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই হতাশার রেশ কাটতে না কাটতেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে কলকাতার আবহাওয়া। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স-এর পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে আদৌ হবে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালবৈশাখীর দাপটই এই অনিশ্চয়তার মূল কারণ। ইতিমধ্যেই সোমবার ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে—আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কি একই পরিণতির দিকে এগোচ্ছে?এদিকে মাঠের বাইরের এই অনিশ্চয়তার পাশাপাশি, মাঠের ভিতরেও কেকেআরের পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়।
দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে-র ব্যাটিং ফর্ম এবং নেতৃত্ব—দুটো নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনটি ম্যাচে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য রান করতে পারেননি তিনি। পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি, যার ফলে অধিনায়ক হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা শোনা যাচ্ছে। তবে এই কঠিন সময়ে রাহানের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল। একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সাম্প্রতিক সমালোচনা যথেষ্ট ভারসাম্যপূর্ণ নয়। তাঁর মতে, গত চার বছরে রাহানের পরিসংখ্যান মোটেই খারাপ নয়। প্রায় ৩০-এর গড়ে এবং ১৪৮ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যথেষ্ট কার্যকর। ডুল আরও বলেন, অনেকেই রাহানেকে দল থেকে বাদ দেওয়ার কথা বলছেন, কিন্তু পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স রোহিত শর্মা-র থেকেও ভালো। এমনকি ঈশান কিষান-এর সমতুল্য বলেও উল্লেখ করেন তিনি।
হায়দরাবাদ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রাহানের মেজাজ হারানো নিয়েও আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে ডুলের মত, চাপের মুখে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। দলের খারাপ পারফরম্যান্সের দায় স্বাভাবিকভাবেই অধিনায়কের উপর পড়ে, আর সেই চাপ থেকেই হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন রাহানে। তবে তাঁর মতে, এটি সাময়িক এবং এর সঙ্গে ফর্মের সরাসরি কোনও সম্পর্ক নেই। পরিসংখ্যানও কিন্তু রাহানের পক্ষে কথা বলছে। ২০২৩ সাল থেকে পাওয়ার প্লে-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট রয়েছে অভিষেক শর্মা-র (১৭৬.৫৬), আর তার ঠিক পরেই রয়েছেন রাহানে (১৬৭.৭৮)।
অর্থাৎ, দ্রুত রান তোলার ক্ষেত্রে এখনও তিনি যথেষ্ট কার্যকর। শুধু তাই নয়, গত মরশুমে কেকেআরের হয়ে সর্বাধিক রানও এসেছিল তাঁর ব্যাট থেকেই। সব মিলিয়ে, একদিকে আবহাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে দলের পারফরম্যান্স—দুয়ের চাপে এখন কেকেআর। তবে অভিজ্ঞ রাহানের উপর আস্থা রাখতেই চাইছেন দলের সমর্থকরা। এখন দেখার, বৃহস্পতিবার ইডেনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, নাকি ব্যাটে-বলে জবাব দেয় কেকেআর।




















