কলকাতা: ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। টানা দুটি ম্যাচে এসেছিল সহজ জয়। পরবর্তীতে জামশেদপুর এফসি এবং এফসি গোয়ার বিপক্ষে জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ওয়েন কোয়েলের জামশেদপুর এর কাছে পরাজিত হওয়ার পর মানোলো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে ড্র করেছিল মশাল ব্রিগেড। যারফলে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে কার্যত অনেকটাই পিছিয়ে গিয়েছে ময়দানের এই প্রধান। আগামীকাল দলের পরবর্তী ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে কেরালা ব্লাস্টার্স।
এখন এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের নিজেদের উপরের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে অস্কার ব্রুজোর। তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রাখছে দলের একাধিক ফুটবলারদের চোট। সাউল ক্রেসপো থেকে শুরু করে কেভিন সিবিলের মতো ফুটবলারদের উপস্থিতি দলকে যে কতটা শক্তিশালী করে তুলতে পারে সেটা ভাল মতই জানেন সমর্থকরা। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী আগের থেকে যথেষ্ট ফিট স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের মাঠে ফিরে আসার অপেক্ষায় অনুরাগীরা।
আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে এই ডিফেন্ডার প্রসঙ্গে কোচ বলেন, ‘ আমরা যে মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছি সেই অনুসারে কেভিনের চোট আগের থেকে অনেকটাই সেরেছে। তবে পেশিতে তাঁর যে টান অনুভব হচ্ছে তা সেরে উঠতে এখনও সপ্তাহ খানেক সময় লাগবে। তারপর আবার রিহ্যাব শুরু করতে হবে। বলতে গেলে আন্তর্জাতিক বিরতির আগে কেভিনকে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তবে পরবর্তীতে সে দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারে।’ অর্থাৎ এখনই যে তাঁকে মাঠে পাওয়া যাবে না সেটা ভালো মতোই স্পষ্ট করে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।




















