দিঘায় হোটেল করতে চান? সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

দিঘা: সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্র দিঘাকে ঘিরে রাজ্য সরকারের আরও বড় পরিকল্পনা। জগন্নাথ ধাম নির্মাণের পর এবার দিঘায় বড় আকারে হোটেল প্রকল্প (Digha Hotel Project) গড়ে তোলার উদ্যোগ নিল হিডকো ...

By Sandipa Sil

Published:

Follow Us
digha-hotel-project-hidco-e-auction-west-bengal

দিঘা: সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্র দিঘাকে ঘিরে রাজ্য সরকারের আরও বড় পরিকল্পনা। জগন্নাথ ধাম নির্মাণের পর এবার দিঘায় বড় আকারে হোটেল প্রকল্প (Digha Hotel Project) গড়ে তোলার উদ্যোগ নিল হিডকো (আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম)। ইতিমধ্যেই জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পর্যটন শিল্পে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলির জন্য এটি বড় সুযোগ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দিঘার জগন্নাথ ধাম নির্মাণের দায়িত্বে ছিল হিডকো। সেই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর এবার দিঘায় হোটেল নির্মাণের পরিকল্পনা সামনে আনল তারা। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিঘার পশ্চিম গদাধরপুর মৌজায় মোট ৩৪টি প্লটে হোটেল গড়ে তোলা হবে। এই অংশে মোট জমির পরিমাণ ৬.৮৮ একর। পাশাপাশি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আরও ১২টি প্লটের উল্লেখ রয়েছে, যার মোট জমির পরিমাণ ২.২৯ একর। সব মিলিয়ে প্রায় ১০ একর জমিতে বিস্তৃত হবে নতুন হোটেল প্রকল্প।

   

হিডকো সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে আনুমানিক ২০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। ‘ই-অকশন’ প্রক্রিয়ার মাধ্যমে দরপত্র চূড়ান্ত করা হবে। আগামী ১৮ মার্চ দরপত্র চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক মহলে জল্পনা, ওই সময়ের আগেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। যদিও প্রশাসনিক কর্তাদের দাবি, সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হবে।

দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এমন সংস্থাই ‘ই-অকশন’-এ অংশ নিতে পারবে, যাদের গত তিনটি আর্থিক বছরের প্রত্যেকটিতে ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ, বড় এবং আর্থিকভাবে সক্ষম সংস্থাগুলিকেই এই প্রকল্পে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এতে প্রকল্পের গুণমান ও সময়মতো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করা হচ্ছে।

হোটেল নির্মাণ সম্পূর্ণ করার জন্য পাঁচ বছরের সময়সীমা নির্ধারণ করেছে হিডকো। অর্থাৎ, পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে আগামী কয়েক বছরের মধ্যেই দিঘার পর্যটন মানচিত্রে যুক্ত হবে একাধিক আধুনিক হোটেল। এতে পর্যটকদের আবাসনের সুবিধা যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

কয়েক মাস আগেই হিডকোর চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে নবান্ন। বর্তমানে দায়িত্বে রয়েছেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, “দিঘায় এমনিতেই পর্যটক সমাগম ক্রমশ বাড়ছে। জগন্নাথ ধাম নির্মাণের পর সেই গতি আরও বেড়েছে। সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখেই হিডকো এই সিদ্ধান্ত নিয়েছে।” তাঁর বক্তব্য, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যের আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন হয়। মাত্র আট মাসের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে দাবি কর্তৃপক্ষের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানে ধ্বজাদানের ব্যবস্থাও চালু হয়েছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে তিন বেলা আট রকম মহাপ্রসাদ পাওয়ার সুবিধাও রয়েছে। ফলে ধর্মীয় পর্যটনের পাশাপাশি পারিবারিক ভ্রমণের ক্ষেত্রেও দিঘার জনপ্রিয়তা বেড়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরের পর নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের দায়িত্বও পেয়েছে হিডকো। ইতিমধ্যে ওই দুই প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও পর্যটন অবকাঠামো উন্নয়নে সক্রিয় ভূমিকা নিচ্ছে এই সংস্থা।

সব মিলিয়ে দিঘায় নতুন হোটেল নির্মাণ প্রকল্পকে ঘিরে আশাবাদী পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পর্যটনের চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আবাসনের আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর সকলের।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google