সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার ডেভিড ওয়ার্নার (David Warner)। এই ঘটনার পর পাকিস্তান সুপার লিগে ওয়ার্নারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
রবিবার বিকেলে সিডনির মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশির সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ওয়ার্নার ধরা পড়েন। পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪, যা অস্ট্রেলিয়ার বৈধ সীমার (০.০৫) দ্বিগুণেরও বেশি।
পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ‘মিড-রেঞ্জ’ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত করে। তাঁকে আগামী ৭ মে ২০২৬ তারিখে সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস আইন অনুযায়ী, এই অপরাধে বড় অঙ্কের জরিমানা, এমনকি কারাদণ্ডও হতে পারে। আবার ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত হওয়ার সম্ভাবনাও তীব্র। যদিও ওয়ার্নারকে এখন আটক রাখা হয়নি। এই নিয়ে তদন্ত চলবে।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলছেন ওয়ার্নার। এই ঘটনার সময় ব্যক্তিগত কারণে তিনি পাকিস্তান থেকে সিডনি গিয়েছিলেন। তবে এই ঘটনা পিএসএল খেলায় কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার।




















