শনিবার আইপিএল ২০২৬-এর ১৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নামবে দিল্লি ক্যাপিটালস। এই মরসুমে এখনো জয় অধরা চেন্নাই শিবিরে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দিল্লির বিরুদ্ধে প্রথম জয়ের জন্য মুখিয়ে থাকবে হলুদ ব্রিগেড। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে দ্বৈরথ শুরু।
আইপিএল ২০২৬-এ দুরন্ত ছন্দে রয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয়ী তাঁর দল। তৃতীয় ম্যাচটি একটুর জন্য হেরে গিয়েছিল অক্ষর-এর দল। দলের ব্যাটিং-বোলিং যথেষ্ট ভারসাম্যপূর্ণ। কে এল রাহুলের ব্যাট থেকে এখন রান আসছে। দলের অন্যান্য সদস্যরাও ছন্দে রয়েছেন।
অন্যদিকে চেন্নাই শিবিরে অবস্থা এই মরসুমে শোচনীয়। এখনো পর্যন্ত একটি ম্যাচেও বিজয় সেলিব্রেশন করতে পারেনি রুতুরাজের দল। ব্যাটিং-বোলিংয়ের বিধ্বস্ত দশা ফুটে উঠছে প্রত্যেক ম্যাচে। রান নেই রুতুরাজ, সঞ্জু স্যামসনের ব্যাটে। তরুণ খেলোয়াড়রাও ব্যর্থ। দলের পুরনো মেন্টর ধোনির অভাব চোখে পড়ছে প্রতিটা ম্যাচে। এমতাবস্থায় খেতাবী লড়াইয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে সিএসকে। টুর্নামেন্টে ফেরাটা সহজ নয়।
ইতিহাস বলছে, মোট ৩১বার এক অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে চেন্নাই ও দিল্লি। যার মধ্যে ১৯টাই জিতেছে সিএসকে এবং ১২টা জিতেছে ডিসি। এক্ষেত্রে পাল্লা চেন্নাইয়ের ভারী থাকলেও এই মরসুমে দিল্লির বিপক্ষে জেতা যথেষ্ট কঠিন।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
কে এল রাহুল (উইকেটরক্ষক), পথুম নিসঙ্কা, করুন নায়ার, সমীর রিজভী, অক্ষর প্যাটেলে (অধিনায়ক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ভিপরাজ নিগম, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ কুমার।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়েকওয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আয়ুশ মাত্রে, সরফরাজ খান, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, প্রশান্ত বীর, জ্যামি ওভার্টন, নুর আহমেদ, খলিল আহমেদ, অনশুল কম্বোজ।
ইমপ্যাক্ট প্লেয়ার: ম্যাট হেনরি।




















