যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত বহুল আলোচিত (FIR Against Arup Biswas)‘মেসি ইভেন্ট’ ঘিরে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে বড় পদক্ষেপ করল পুলিশ। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (FIR Against Arup Biswas) বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক এবং ক্রীড়া মহল।
এফআইআর দায়ের হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শতদ্রু দত্ত। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এফআইআরের কপির ছবি শেয়ার করে লিখেছেন, “সত্যের জয়।” দীর্ঘদিন ধরে তিনি দাবি করে আসছিলেন যে, কলকাতায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের চরম বিশৃঙ্খলার জন্য একমাত্র তাঁকে দায়ী করা হলেও প্রকৃত ঘটনা সামনে আসেনি। পুলিশের এই পদক্ষেপকে তিনি ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন।
শুধু তাই নয়, শতদ্রু দত্ত (FIR Against Arup Biswas) বি বর্তমান প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্তের ফলেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা তারকা রড্রিগো দি’পল কলকাতায় এসেছিলেন। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টিকিট সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করেন।
চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে ১৮ হাজার টাকার টিকিট কালোবাজারিতে ৭০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানের আগে থেকেই টিকিট বিক্রি, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শক নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অনুষ্ঠানের দিনকার বিশৃঙ্খলা। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং দর্শক নিয়ন্ত্রণে বড়সড় ব্যর্থতার কারণে গ্যালারির একাংশ ভেঙে পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শত শত দর্শক মাঠে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে গোটা অনুষ্ঠান কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন ফুটবলপ্রেমীরা, তা ভেঙে চুরমার হয়ে যায়।
সেদিনের বিশৃঙ্খলার ছবি শুধু কলকাতা নয়, গোটা দেশ এবং বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। ফলে রাজ্যের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, একই সফরের অংশ হিসেবে মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদে আয়োজিত অনুষ্ঠানগুলি সফলভাবে সম্পন্ন হলেও কলকাতার অনুষ্ঠানই চরম ব্যর্থতায় পর্যবসিত হয়।
এই ঘটনার পর তদন্ত শুরু হলে প্রথম ধাক্কা সামলাতে হয় আয়োজক শতদ্রু দত্তকেই। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় এবং কিছু সময় জেলেও কাটাতে হয়। তবে সেই সময় থেকেই তিনি দাবি করে আসছিলেন যে, পুরো ঘটনার জন্য তাঁকে বলির পাঁঠা করা হয়েছে এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু হওয়ার পর মামলাটি নতুন মোড় নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তদন্তে কী নতুন তথ্য উঠে আসে এবং ভবিষ্যতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকে নজর রয়েছে সকলের। আপাতত এই ঘটনায় রাজ্য রাজনীতি এবং ক্রীড়া প্রশাসনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।




















