Cricket News: ভারতের চিরশত্রু পাকিস্তান। দীর্ঘদিন ধরে আইসিসি টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। কূটনৈতিক কারণে আইপিএলে পাক খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইংল্যান্ডে টি-টোয়েন্টি লিগে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাক বিরোধিতা দেখা গিয়েছিল। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে পাক খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় জানায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। এরপরই ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি স্পিনার।
বৃহস্পতিবার ইংল্যান্ডের দ্য হান্ড্রেডসের নিলাম ছিল। সেখানে নাম লিখিয়েছিলেন ১৩ জন পাক ক্রিকেটার। নিলামে পাক স্পিনার আবরার আহমেদকে কিনে নেয় ভারতীয়দের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। এটি কাব্য মারানের দল। ২.৩৪ কোটি টাকা দিয়ে সানরাইজার্স লিডস কিনেছে আবরার আহমেদকে। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে হান্ড্রেড লিগ। মোট ৮ টি দল অংশ নেবে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে মালিকানা রয়েছে আইপিএলের ৪ টি ফ্র্যাঞ্চাইজির। যেমন – ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। ওভাল ইনভিনসিবলসে শেয়ার রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে ও দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভে।
উল্লেখ্য, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, “বৈষম্য বিরোধী নীতি নিয়ে এগোবে এই লিগ। নিলামে অংশ নেবেন পুরুষ ও মহিলা নিয়ে ৬৭ জন পাকিস্তানি ক্রিকেটার। এর মধ্যে ৬৩ জন পুরুষ, ৪ জন মহিলা। তাঁরা যাতে অন্য দেশের ক্রিকেটারদের মতোই সমান সুযোগ পায়, তাও নিশ্চিত করা হচ্ছে। দল গঠনের ক্ষেত্রে অন্যান্য ক্রিকেটারদের মতো পাকিস্তানি ক্রিকেটারদেরও পারফরম্যান্সকে মান্যতা দেওয়া হবে। নতুন দর্শকদের কাছে পৌঁছতে, ক্রিকেটের প্রসার ঘটাতে এই নীতি নিয়েই দ্য হান্ড্রেড প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয়তার কারণে ক্রিকেটারদের বাদ দেওয়া উচিত নয়।“




















